চীনা শিল্পীদের মন মুগ্ধকর পরিবেশনা

চীনা নববর্ষ উপলক্ষে আজ শনিবার শিল্পকলা একাডেমিতে নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সিচুয়ানের স্থানীয় শিল্পীরা। মন মুগ্ধকর এ আয়োজনের আয়োজক ছিল বাংলাদেশ-চায়না কালচারাল ইকোনমিক সেন্টার (বিসিসিইসি) ও সিচুয়ান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র ও বহির্বিশ্ব বিষয়ক অধিদপ্তর। সহযোগিতায় ছিল চীনা দূতাবাস ও সিচুয়ান প্রাদেশিক সরকার।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং। আরও বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সিচুয়ান সাংস্কৃতিক দলের দলপ্রধান শেন চাও ও বিসিসিইসি’র সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা।
রাশেদ খান মেনন বলেন, ‘প্রাচীনকাল থেকেই চীনের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। তবে বাংলাদেশের স্বাধীনতার সময় আমাদের মাঝে একটি ভুল বোঝাবুঝি ঘটেছিল। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে। এখন আমাদের দুই দেশের মধ্যে নানা সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীন আমাদের নানাভাবে সাহায্য করছে। চীনের সঙ্গে বন্ধুত্বের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তারা কখনো অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা উভয় রাষ্ট্র একে অপরের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছি।’
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সব মিলিয়ে ছিল দশটি পরিবেশনা। চীনা শিল্পীদের অ্যাক্রোবেটিক পরিবেশনায় ছিল শারীরিক নানা কসরত। তাঁদের পরিবেশনায় মুগ্ধ হয় দর্শক।