চুয়াডাঙ্গায় সংলাপের প্রতিষ্ঠাবার্ষিকী

‘ছুটিয়ে আলোর রথ, সংস্কৃতিই দেখাবে মুক্তির পথ’ স্লোগানে চুয়াডাঙ্গায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২১ নভেম্বর সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। সংলাপের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. রশীদুল হাসান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক আমীর হোসেন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।
সম্মাননা প্রদান শেষে মাহমুদা জামান, বিপাশা, মুক্তা, সম্রাট সংগীত ও শিশুশিল্পী ইয়াসা হাসান নৃত্য পরিবেশন করে।
এদিন লিয়াকত আলী রচিত ও গোলাম মোস্তফা নির্দেশিত নাটক ব্যারিকেড চারিদিক এবং নজির আহমেদ রচিত ও নির্দেশিত নাটক উপেন সমাচার মঞ্চস্থ হয়।