ছায়ানটে ভরতনাট্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্য পরিবেশন করছেন কল্পতরুর শিল্পীরা l ছবি: প্রথম আলো
নৃত্য পরিবেশন করছেন কল্পতরুর শিল্পীরা l ছবি: প্রথম আলো

গণেশবন্দনা নিয়ে আট নৃত্যশিল্পী মঞ্চে এলেন ভরতনাট্যম পরিবেশন করতে। তাঁরা নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘কল্পতরু’র শিক্ষার্থী। সাত বছর শিক্ষার পর এই প্রথম ‘লাইভ মিউজিক’-এর সঙ্গে তাঁদের মঞ্চ পরিবেশনা। ছায়ানট মিলনায়তনে গতকাল শুক্রবার শুরু হলো দুই দিনব্যাপী ভরতনাট্যম উৎসব ‘রঙ্গপ্রবেশ ২০১৫’। উৎসবে যোগ দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসেছেন কর্ণাটকি সংগীতজ্ঞরা। তাঁরা হলেন কণ্ঠে সুকুমার জি কুট্টি, মৃদঙ্গে শঙ্কর নারায়ণস্বামী, বেহালায় এ সত্য বিশাল ও নাট্টুভঙ্গমে রাজদ্বীপ বন্দ্যোপাধ্যায়। আট নৃত্যশিল্পী হলেন রানী মৃধা, শাম্মী আখতার, জুয়াইরিয়া মৌলি, আনিস্তা খান, শুদ্ধ এস দাস, তাহসিন সাবা, পারিসা ওমর ও আভিয়া খান।
দীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আখতারী মমতাজ, কল্পতরুর পরিচালক নৃত্যশিল্পী লুবনা মরিয়ম ও অমিত চৌধুরী। মঞ্চে ছিল নটরাজ শিবের মূর্তি। বলা হয়ে থাকে, শিব প্রবর্তন করেন এ নৃত্যের।
গতকালের প্রথম নৃত্য পরিবেশনায় গণেশবন্দনার সঙ্গে ছিল আলারিপু। আলারিপু মানে প্রস্ফুটন। দ্বিতীয় নৃত্য পরিবেশনায় রূপম তাল ও সাবেরী রাগে পরিবেশিত হয় জ্যোতিশ্বরম। এরপরের পরিবেশনা ছিল সত্যম। চতুর্থ পরিবেশনায় আদি তাল ও বসন্ত রাগে ছিল নটরাজন। পঞ্চম পরিবেশনায় আবার গণেশবন্দনা। শেষ পরিবেশনায় ছিল তিলানা। নৃত্য পরিবেশন শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ দেওয়া হয়।
দ্বিতীয় দিনে আট শিক্ষার্থীর নৃত্যগুরু অমিত চৌধুরী ও নৃত্যশিল্পী অর্থী আহমেদের পরিবেশনা থাকবে। সংগীতজ্ঞরা পরিবেশন করবেন কর্ণাটকি সংগীত কাচেরি। শুরু হবে সন্ধ্যা সাতটায়।