জাতির জনককে নিয়ে গানের কোরিওগ্রাফি

কোরিওগ্রাফি, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে শেষ হলো জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস ২০১৬’ উপলক্ষে মাসব্যাপী আয়োজন। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’-এর আয়োজন করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
গতকাল বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল এর সমাপনী অনুষ্ঠান। এতে আলোচনা করা হয় ‘বঙ্গবন্ধু ও বিশ্বশান্তি’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে। এ ছাড়া ছিল কবিকণ্ঠে কবিতাপাঠ, বঙ্গবন্ধুর ওপর রচিত গানের কোরিওগ্রাফি ও লিয়াকত আলীর রচনা ও নির্দেশনায় নাট্যালেখ্য ‘মুজিব মানে মুক্তি’।
কোরিওগ্রাফিতে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ১০টি গান। শুরুতেই হুমায়ুন খালিদের লেখা ও সরদার গিয়াস উদ্দিনের সুরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ গানের সঙ্গে কোরিওগ্রাফি পরিবেশনা করে শিল্পকলা একাডেমি। এরপর ‘একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের’ গানের সঙ্গে পরিবেশন করে অবয়ব নাট্যদল, ‘ধন্য মুজিব ধন্য’ গানের সঙ্গে কণ্ঠশীলন, ‘দুঃখিনী বাংলা জননী বাংলা আজ কেঁদে কেঁদে কয়’ গানের সঙ্গে পদাতিক নাট্য সংসদ, ‘মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি’ গানের সঙ্গে ভিশন থিয়েটার, ‘সাড়ে সাত কোটি মানুষের আর একটি নাম’ গানের সঙ্গে বুনন থিয়েটার, ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ গানের সঙ্গে মহাকাল নাট্যসম্প্রদায়, ‘মুজিবর আছে বাংলার ঘরে ঘরে বাঙালির অন্তরে’ গানের সঙ্গে খেয়ালী নাট্যগোষ্ঠী, ‘মুজিব তুমি বিজয়ের গান মিছিলে ঝাঁঝানো স্লোগান’ গানের সঙ্গে কোরিওগ্রাফি পরিবেশন করে মতিঝিল থিয়েটার (সার্কেল)।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ। বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদ, কবি নির্মলেন্দু গুণ ও নাট্যজন রামেন্দু মজুমদার।
মাসব্যাপী যা ছিল
মাসব্যাপী এ আয়োজনে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা ও গল্পের ওপর ভিত্তি করে বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী, শিশুদের অঙ্কিত চিত্রকর্ম, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী উপজেলা ও জেলায় এবং ঢাকা মহানগরীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফকির লালন সাঁইজির ভাবশিষ্যদের ভাবগীত পরিবেশনা, সেমিনার, কর্মশালা ও র্যালি, গল্প বলার আসর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ওপর শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ওপর রচিত গান ও কবিতার ওপর ভিত্তি করে আর্ট ক্যাম্প, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন, শিশুদের অঙ্কিত চিত্রকর্ম ও বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম নিয়ে টুঙ্গিপাড়ায় প্রদর্শনী, বঙ্গবন্ধুর ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র ও প্রকাশিত বইয়ের প্রদর্শনী, ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলা নিয়ে স্থাপনাশিল্প প্রদর্শনী, শিল্পকলা একাডেমির আয়োজনে ও ব্যবস্থাপনায় লিয়াকত আলীর নির্দেশনায় দেশের বিভাগীয় শহর ও জেলা শহরের বিভিন্ন স্থানে লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী), বাংলা কলেজ যুব থিয়েটার, বন্ধুমহল, গাজীপুর, পার্বতীপুর থিয়েটার, দিনাজপুর, প্রগতি চিলড্রেন থিয়েটার, ফেনী ও অঙ্কুর নাট্য একাডেমি, ঝিনাইদহর পরিবেশনায় ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী।