জাতীয় নাট্যশালায় আজ 'ভঙ্গবঙ্গ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভঙ্গবঙ্গ নাটকের একটি দৃশ্য ফাইল ছবি
ভঙ্গবঙ্গ নাটকের একটি দৃশ্য ফাইল ছবি

ইতিহাসের পাতায় বঙ্গভঙ্গ পড়েছেন, আর শিরোনামে দেখছেন ভঙ্গবঙ্গ। ভাবছেন ভুল দেখছেন? না! শিরোনাম ভুল দেখেননি। আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় গেলে যে নাটকটি দেখতে পাবেন, সেটি ‘ভঙ্গবঙ্গ’।

জনপ্রিয় নাট্যদল আরণ্যকের ৫৪তম প্রযোজনা ‘ভঙ্গবঙ্গ’। সোমবার সন্ধ্যা সাতটায় শুরু হবে এ নাটকের প্রদর্শনী। নাটকের নির্দেশক ফয়েজ জহির। লিখেছেন মামুনুর রশীদ।

নাটকটির শুরু দুটি দেশের সীমান্ত অঞ্চল থেকে। বেনাপোল ও হরিদাসপুর। মঞ্চে দেখা যায়, দুটি স্থলবন্দরে প্রতিদিনের কর্মচঞ্চলতা। কত কি দেখা গেল সেখানে। সাধারণ যাত্রী, কাস্টমস, ইমিগ্রেশন, মানি এক্সচেঞ্জের দালাল, পরিবহনশ্রমিক, চোরাকারবারি, যৌনকর্মী, কত রংবেরঙের মানুষের আনাগোনা সেখানে! এরই মধ্যে আলাদা এপারের চোরাকারবারি রাজার সঙ্গে ওপারের যৌনকর্মী মালিনীর প্রেম-বিরহ, গলাধাক্কা খেয়ে মাতাল বিশুর জীবনবোধ, কাস্টমস-ইমিগ্রেশনের বাণিজ্য-সংকটসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা। এত সব ঘটনার মধ্যে হঠাৎ উদ্ভট একজন মানুষের আবির্ভাব নিত্যদিনের আবহ ঘোলাটে করে তোলে। নাটক পুরোপুরি জমে ওঠে এ চরিত্রটির আগমনের মধ্য দিয়ে।

নাটকের একপর্যায়ে দেখা যায়, ‘উদ্ভট’ চরিত্রটি শিলাইদহ পতিসরে যাবে, পদ্মায় বোট নিয়ে ঘুরে বেড়াবে। সে বুঝতে চায় না ১৯৪৭ সালের দেশ ভাগ, বাংলা ভাষাভাষীদের ভূমির বিভাজন। যেখানে পাখি উড়ে যায়, বাতাস ও নদীর জল অবলীলায় প্রবহমান, সেখানে যাওয়া মানুষের অগম্য কেন হবে? ঘনীভূত হয় সংকট।

নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, আরিফ হুসাইন, আমানুল হক, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, ফিরোজ মামুন, কামরুল হাসান, সাইদ সুমন, হাসিম মাসুদ, মনির জামান, কাজী আল আমিন, লায়লা বিলকিস প্রমুখ।