জাতীয় নাট্যশালায় তির্যক নাট্যমেলা শুরু

চট্টগ্রামের তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শুরু হলো গতকাল শুক্রবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘তির্যক নাট্যমেলা’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠানে গতকাল ছিল আলোচনা ও নাটকের প্রদর্শনী। আজ শনিবার তির্যক সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে চট্টগ্রামকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই নাট্য সংগঠনের ৪০ বছর পূর্তির বছরব্যাপী কর্মসূচি।
গতকাল বিকেলে নাট্যশালা মঞ্চে প্রদীপ জ্বালিয়ে নাট্যমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। নাট্যশালা লবিতে তির্যকের ৪০ বছরের নাট্য–স্মারক প্রদর্শনী উদ্বোধন করেন লেখক সৈয়দ শামসুল হক। তাঁরা ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান।উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও আলোচনা শেষে সন্ধ্যায় মঞ্চস্থ হয় সফোক্লিস রচিত নাটক ইডিপাস। সৈয়দ আলী আহসান ও শম্ভু মিত্রের অনুবাদ অবলম্বনে এই নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। গতকাল ছিল এই নাটকের ১০১তম প্রদর্শনী। আজ সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী।১৯৭৪ সালে প্রতিষ্ঠিত তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তির আয়োজনটি শুরু হয়েছিল চট্টগ্রামে।