জাতীয় নাট্যশালায় শুক্রবার 'বদনামের' মঞ্চায়ন

দায়িত্ববান পুলিশ ইন্সপেক্টর বিজয় বাবু। কাজে-কর্মে, দায়িত্ব পালনে খুবই নিষ্ঠাবান একজন পুলিশ কর্মকর্তা। সৌদামিনী তারই স্ত্রী; সংসারী, সতীসাধ্বী এক নারী। সন্তানহীনা মায়ের কষ্ট বুকে লুকিয়ে হাসি মুখেই সংসারের সকল ধর্ম-কর্ম চালিয়ে নিচ্ছে। স্বামী, সংসারের প্রতি তার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসার এতটুকু কমতি নেই। সেই সঙ্গে দেশপ্রেমকেও আলাদা করতে পারেননি তিনি। একসময় ‘স্বদেশি’ হয়ে ওঠেন তিনি।
কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘বদনাম’র পটভূমি এটি। এই গল্পটি নিয়ে নাটকরে দল সংলাপ করেছে মঞ্চ নাটক বদনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য স্বরূপ সংলাপ গ্রুপ থিয়েটারের ‘বদনাম’ নাটকের শুক্রবার বিশেষ প্রদর্শনী। নাটকটি সংলাপ এর ২৩ তম প্রযোজনা। ২০ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটি নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। লাইট ও সেট ডিজাইন করেছেন জুনায়েদ ইউসুফ।

নাটকটিতে রবীন্দ্রনাথের অন্যান্য নাটকের মতোই মানবিক দ্বন্দ্বাবলী পরিস্ফুটিত হয়েছে। সাধারণ গৃহবধূ সদুর স্বদেশি হয়ে ওঠার টানাপোড়েনের এক নিখুঁত দলিল এই নাটক। এই সংসারে মানুষের বিভিন্ন যে সীমাবদ্ধতা আছে, যা মানুষ বারবার অতিক্রম করতে চায়। কর্তব্যের কাছে অনেক সময় যে সাংসারিক প্রেম বন্ধন তুচ্ছ হয়ে যায়। সদুর মানসিক দ্বন্দ্বের ভেতর দিয়ে সে কথাই প্রকাশ করেছেন নাট্যকার। রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন, এ গল্পের সদুর মধ্য দিয়ে তিনি নারীদের পক্ষের অনেক কথাই প্রকাশ করেছেন।