জাতীয় নাট্যশালায় 'সূচনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূচনা নাটকের দৃশ্যে এর চার নারী চরিত্র l ছবি: প্রথম আলো
সূচনা নাটকের দৃশ্যে এর চার নারী চরিত্র l ছবি: প্রথম আলো

জাতীয় নাট্যশালায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো নাটক সূচনা। মুক্তিযুদ্ধের আগে থেকেই শেলী, সবিতা, রাশেদা ও তানিয়া বন্ধু। যুদ্ধের পর তাদের আর দেখা হয়নি। অনেক বছর পর একদিন তাদের দেখা হয়। শেলী তার বাগানবাড়িতে অন্য তিন বন্ধুকে ডেকে আনে। উদ্দেশ্য—পুনর্মিলনী। জমে ওঠে সেই আয়োজন। একে অপরকে নিয়ে তারা ঠাট্টা করে। এদের মধ্যে সবিতা নামী গায়িকা। রাশেদা লেখিকা। একসময় তারা নিজেদের গল্প বলতে শুরু করে। বলতে বলতে সুখের মুখোশটা খুলতে থাকে। দেখা যায়, ওই একাত্তরে, এর ঠিক আগে-পরে রয়েছে তাদের নানা গল্প। শেলীর ধনাঢ্য স্বামীকে তখন চেনা যায় একাত্তরের একজন ঘাতক হিসেবে। শেলী জানায়, তাকে সে বন্দী করে রেখেছে বাগানবাড়িতে। এখন তিন বন্ধুর কাছে সে দাবি জানায়, ওই ঘাতকের বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে। তিন বন্ধু অবশ্য রাজি হয় না। কাজটা তাই শেলীকেই করতে হয় এবং এরপর সে আত্মঘাতী হয়।
আবুল হায়াতের লেখা শেষ পত্র নাটকটিরই নতুন নাম সূচনা। নির্দেশনা দিয়েছেন রহমত আলী। নাটকটিতে মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ ও শামীমা নাজনীন দরদ দিয়ে অভিনয় করেছেন।