
গার্মেন্টসে চলছে শ্রমিকদের নানা সংকট, তেমনি কিছু সংকট আছে মঞ্চেও। এই দুই শিল্পেই রয়েছে কায়িক শ্রমের অপব্যবহার আর সঠিক মূল্যায়নের অভাব। এমনি ভাবনা নিয়ে তৈরি হয়েছে নৃত্যনাট্য মেইড ইন বাংলাদেশ। সাধনার এই নৃত্যনাট্যের উদ্বোধনী মঞ্চায়ন হলো ২৬ নভেম্বর, জার্মানির লুডউইগস্হাফেনের থিয়েটার ফাল্সবাউতে। নৃত্যনাট্যের মূল নির্দেশক জার্মানির হেলেনা ওয়াল্ডমান। ডুসেলডর্ফের টান্সহাইসে দ্বিতীয় প্রদর্শনীর আগে সাধনার শৈল্পিক নির্দেশক লুবনা মারিয়াম বাংলাদেশের পোশাকশিল্পের গুরুত্ব, সমস্যা ও সমাধান নিয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন। আরও আলোচিত হয় দুই দেশের মঞ্চশিল্পের নানা সংকট। অনুষ্ঠান শেষে বাংলাদেশের নৃত্যশিল্পীরাও যোগ দেন আলোচনায়। এ পরিবেশনা দেখে হলভর্তি জার্মান দর্শকেরা নিজস্ব ধরনে ১০ মিনিট ধরে তাঁদের মুগ্ধতা প্রকাশ করেন।
বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন সাধনার সহায়তায় নৃত্যনাট্যটি প্রযোজনা করেছে জার্মানির এক্টোপিয়া ড্যান্স প্রোডাকশন। নাচে অংশ নিয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ ১২ জন নৃত্যশিল্পী। কলকাতার নৃত্যপরিচালক বিক্রম আয়েঙ্গারের পরিচালনায় কত্থক নৃত্যশৈলীতে তৈরি হয়েছে নৃত্যনাট্যটি। নাচ ছাড়া ব্যবহার করা হয়েছে ভিডিওগ্রাফার আনা সাউপের পরিচালনায় পোশাকশিল্পের ওপর তৈরি প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র। কেন এ রকম নৃত্যনাট্য? এ বিষয়ে লুবনা মারিয়াম বলেন, ‘শুধু বিনোদন নয়, সাধনা নাচের মধ্যে আমাদের সামাজিক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে অনেক দিন ধরে। এ ছাড়া হেলেনা ওয়াল্ডমানের কাছ থেকে নতুন আঙ্গিকে কাজ শিখতে চেয়েছি আমরা।’
জার্মানি থেকে ফিরে গত সোমবার লুবনা মারিয়াম আরও জানালেন, এই বছর জার্মানির লুক্সেমবুর্গ এবং সুইজারল্যান্ডের ১১টি শহরে মঞ্চস্থ হবে নৃত্যনাট্যটি। নতুন বছরের জানুয়ারি মাসে ভারতের চারটি শহরে মঞ্চস্থ হবে মেইড ইন বাংলাদেশ। মে মাসে জার্মানির মিউনিখ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে মেইড ইন বাংলাদেশ। আমন্ত্রণ পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন উৎসব থেকে।
বাংলাদেশে নৃত্যনাট্যটি কবে দেখা যাবে? লুবনা মারিয়াম জানান, ২৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে মেইড ইন বাংলাদেশ।