
থমথমে পরিবেশ। ভেসে আসছে নারী কণ্ঠে কান্না। কাঁদতে কাঁদতে তাঁরা নিস্তেজ হয়ে পড়ছেন। নির্যাতনের হাত থেকে তাঁদের বাঁচানোর কেউ নেই। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের এমন দৃশ্য দেখতে দেখতে শেষ দিকে দর্শকেরাও একসময় স্লোগান দিয়ে ওঠেন ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।
রংপুর টাউন হল চত্বরে বুধবার রাতে পরিবেশ থিয়েটারের নাটক রংপুর টাউন হল কনসেনট্রেশন ক্যাম্প ১৯৭১ মঞ্চস্থ হয়। ব্যাকড্রপ হিসেবে দেখানো হয়েছে টাউন হলকে। হলের সামনের খোলা জায়গা, বারান্দা, ছাদ এবং এর আশপাশের এলাকায় ঘুরে ঘুরে ৪২ জন শিল্পী অভিনয় করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর পরিকল্পনায় নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আরিফ হায়দার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর টাউন হল ছিল নারী নির্যাতনের একটি ভয়ংকর কেন্দ্র। গ্রাম-শহরের নারীদের ধরে নিয়ে এসে এখানে নির্যাতন করে মেরে ফেলা হতো। সেই হলকে ঘিরেই ৪০ মিনিটের এ নাটকের মূল কাহিনি গড়ে তোলা হয়েছে।
রাত সাড়ে আটটায় শুরু হয় নাটকের মঞ্চায়ন। টাউন হলের বাইরে সব দর্শক। নাটক শুরুর ঘোষণা আসতেই হলের জানালা–দরজা–বারান্দায় হালকা আলো। পাশে টাঙানো পর্দায় ভেসে ওঠে ’৪৭, ’৫২, ’৬২, ’৬৬, ’৬৯ ও ’৭১-এর কিছু খণ্ডচিত্র। নাটক শুরু হলো ১৯৭১ সালের ৩ মার্চ থেকে। টাউন হলের প্রবেশমুখ থেকে বের হয় মুক্তিকামী তরুণদের বিক্ষোভ মিছিল। স্লোগান ছিল ‘ভাত ও ভোটের অধিকার চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘ইয়াহিয়ার কালো হাত ভেঙে দাও’। গুলি চলে মিছিলে। মারা যায় রংপুরের কিশোর শংকু। এবার লাশ নিয়ে মিছিল। এমন করে এগিয়ে চলে নাটকের কাহিনি। এতে দেখানো হয় মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরের ১১ জন বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা, হানাদার বাহিনীর খোলা জিপে নারীদের ধরে আনার দৃশ্যসহ রোমহর্ষক সব ঘটনা।
নাটক শেষে ফ্লাশ ব্যাকে নির্যাতিত নারীরা এসে নতুন প্রজন্মকে বলেছেন, এসব ইতিহাস ভুলে গেলে চলবে না। স্মরণ করতে হবে নির্যাতিতদের। একসময় তাঁরা টাউন হলে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। ভেসে আসে জাতীয় সংগীতের সুর ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...।’