জ্যোতিসংহিতার পরিভ্রমণ
জ্যোতিসংহিতা নাটকটি দেশের বিভিন্ন জায়গায় পরিভ্রমণে যাচ্ছে। বিজয়ের ৪৪ ও নাট্যদল জীবন সংকেতের ২৮ বছর অতিক্রম উপলক্ষেই হচ্ছে এ আয়োজন। নিজ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ও শিকড়ের পরিচয়কে দেশের বিভিন্ন অঞ্চলে তুলে ধরার জন্যই নাটকটির প্রদর্শনী করবে সংগঠনটি। প্রথম পর্যায়ে আজ ৩ জানুয়ারি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়ন করা হবে রুমা মোদক রচিত ও সুদীপ চক্রবর্তী নির্দেশিত নাটকটি।
নাট্যকার রুমা মোদক জানান, ১৯৭১ সালের বীর যোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ও তাঁর নেতৃত্বে দাস পার্টি যুদ্ধকালীন হবিগঞ্জ, সুনামগঞ্জের বিস্তীর্ণ ভাটি এলাকায় অসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করেছিল। ইতিহাসের মহানায়ক বিস্মৃতপ্রায় এসব যোদ্ধাদের কথাই বলা হয়েছে এ নাটকে।
হবিগঞ্জের নাট্যদল জীবন সংকেত বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে নাটকটি মঞ্চায়ন করবে। কুষ্টিয়ার পর দলটি নাটক নিয়ে যাবে চট্টগ্রাম ও কুমিল্লায়।