টাঙ্গাইলে 'ক্রাচের কর্নেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য
‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

কর্নেল তাহেরের জীবনী নিয়ে কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ মঞ্চে নিয়ে এসেছে নাটকের দল বটতলা। আজ বুধবার নাটকটি মঞ্চায়িত হবে টাঙ্গাইলের করনেশন নাট্যোৎসবে।

সন্ধ্যা সাতটায় টাঙ্গাইলের করনেশন নাট্য মঞ্চে প্রদর্শিত হবে নাটকটি। এটি নাটকটির তৃতীয় প্রদর্শনী। এ ছাড়া আগামী ২৭ জানুয়ারি ৭ম কুমিল্লা সংস্কৃতি উৎসব এবং ৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি প্রদর্শিত হবে। বটতলার ৯ম প্রযোজনা নাটকটি।
উনিশ শ সত্তরের দশকে পৃথিবী পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক দুটি শিবিরে বিভক্ত ছিল। সেই সময় তৃতীয় বিশ্বের তরুণেরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে ছিল বিভোর। কর্নেল তাহের ছিলেন সেই তরুণদের একজন।
শাহাদুজ্জামানের উপন্যাস থেকে ‘ক্রাচের কর্নেল’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুত্ফা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। অভিনয় করেছেন বটতলার অভিনয়শিল্পীরা।
বটতলার যোগাযোগ পরিচালক কাজী রোখসানা বলেন, গত বছরের ডিসেম্বরে ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উপলক্ষে নাটকটি মঞ্চে এনেছেন তাঁরা। নাটকটি মঞ্চে আসার পর এটা ঢাকার বাইরে প্রথম সফর। নাটকটির মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে।