টিকিট কেটে আড়াই ঘণ্টা বক্তৃতা শুনল শ্রোতারা

‘টিকিট কেটে দর্শক বক্তৃতা শুনতে এসেছেন। এটি বাংলাদেশের জন্য বিরল ঘটনা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এরপর সাহিত্য পাঠ, নাটকের পাণ্ডুলিপি পাঠেও সবার এমন আগ্রহ দেখতে চাই।’ বলছিলেন নাটকের মানুষ মামুনুর রশীদ। গতকাল শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে ছিল তাঁর একক বক্তৃতা অনুষ্ঠান।
শুক্রবার বক্তৃতা অনুষ্ঠানের আগেই নাট্যশালার ওপরের চিলেকোঠায় রীতিমতো উৎসবের আমেজ ছিল। একটা বর্ণিল সিল্কের পাঞ্জাবিতে মামুনুর রশীদকেও দেখা গেল আড্ডার মেজাজে। চিলেকোঠার উন্মুক্ত স্থানে ছড়িয়ে ছিটিয়ে ভাগ হয়ে সবাই মেতে ছিলেন আড্ডায়। নির্ধারিত সময়ে ঘোষণা এল অনুষ্ঠানের। এবার টিকিট কেটে ভেতরে ঢোকার পালা। ভেতরের দৃশ্যটা এক কথায় ‘চমৎকার’। মেঝেতে বৈঠকি ঢংয়ে বসেছেন শ্রোতারা। মামুনুর রশীদ বলে গেলে অবলীলায়।

বক্তৃতা অনুষ্ঠানের ধারণাই বদলে গেল কিছু সময়ের জন্য। বক্তৃতার কথা শুনলে অনেকেরই চোখে-মুখে বিরক্তির ছাপ ফুটে উঠে। কিন্তু শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে দেখা গেল ভিন্ন চিত্র। ২০ টাকার টিকিটের বিনিময়ে নিবন্ধন করে সবাই আসেন বক্তৃতা শুনতে। মামুনুর রশীদের বক্তৃতার বিষয় ছিল, ‘সাম্প্রতিক বিশ্ব ও থিয়েটারের বিষয় ভাবনা’। কারও চোখেমুখে এতটুকু বিরক্তি দেখা যায়নি। সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা, মাঝে সামান্য চা বিরতি দিয়ে আড়াই ঘণ্টার বক্তব্য মুগ্ধ হয়ে উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। বক্তব্যর সঙ্গে ভিডিও প্রজেক্টরে আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক কিছু ভিডিওচিত্রও দেখানো হয়। মঞ্চ নাটক নিয়ে কাজ করেন, ভাবেন এমন নবীন প্রবীণ অনেকেই ছিলেন দর্শকের তালিকায়।

অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। মামুনুর রশীদের বক্তৃতা শেষে মঞ্চ নাটকের এ বৃহৎ সংগঠনটির সভাপতি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘বক্তৃতার অনুষ্ঠান শুনতে সবার এই আগ্রহ আমাদের নতুনভাবে প্রেরণা জুগিয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি জানালেন, ‘থিয়েটারের ভুবনে ভ্রমণ’ শীর্ষক বছরব্যাপী লেকচার ওয়ার্কশপের অংশ হিসেবে প্রতি মাসে একটি লেকচার আয়োজন করবে গ্রুপ থিয়েটার ফেডারেশন। শিল্পকলা একাডেমি এর সহযোগিতায় থাকবে।