ঢাকার 'গোলাপজান' যাচ্ছে মৌলভীবাজারে

গোলাপজান আদি ঢাকার জীবনজীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার এক সাধারণ নারী গোলাপজান পরম মমতার সঙ্গে বর্ণনা করেছেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছানোর সংগ্রামী কাহিনি। বিশ শতকের মধ্যভাগে রাজধানী ঢাকা শহরের শ্রমজীবী একজন নারীর পুঁজিবাদী সমাজব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’। এবার সেই ‘গোলাপজান’ যাচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে।
মণিপুরি থিয়েটারের মাসব্যাপী নাট্যমেলায় শুক্রবার ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিটের নাট্যপ্রযোজনা ‘গোলাপজান’। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহণ’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান।
এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রোকেয়া রফিক বেবী। আরও অভিনয় করবেন সেলিম মাহবুব, প্রশান্ত হালদার, চন্দন রেজা, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, রেজাউল আমীন সুজন, সাথী রঞ্জন দে, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, আনিকা মাহিন, দীপ্তা রক্ষিত প্রমুখ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’ স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার নটমণ্ডপে চলছে মাসব্যাপী নাট্যমেলা।
মাসব্যাপী নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধারাবাহিকভাবে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে।