ঢাকার নাট্যকারের নাটক ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহড়াকক্ষে চলছে ‘অমানিশা’ নাটকের প্রস্তুতি
মহড়াকক্ষে চলছে ‘অমানিশা’ নাটকের প্রস্তুতি

ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বোধনী মঞ্চায়ন হবে ঢাকার নাট্যকার রুবাইয়াৎ আহমেদের নাটক ‘অমানিশা’। তাতে অভিনয় করবেন সেখানকার নাটকের দল নাট্যমঞ্চ। আগামী ১৬ আগস্ট সন্ধ্যায় ত্রিপুরার ধর্মনগর টাউন হলে মঞ্চস্থ হবে নাটকটি।
কলকাতার নির্দেশক শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মশালার জন্য নাটকটি লিখেছেন রুবাইয়াৎ। তিনি জানান, কর্মশালায় শুরুতে ‘রক্তকরবী’ নাটকটি নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। নাটকে সাম্প্রতিক বিশ্বের নানা প্রসঙ্গকে তুলে আনতে অমানিশা নাটকটি প্রস্তুত করতে হয়। রুবাইয়াৎ বলেন, ‘এবারই প্রথম ঢাকার বাইরের কোনো মঞ্চে আমার নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হচ্ছে। ব্যাপারটা আমার জন্য অনেক আনন্দের। শিল্প-সাহিত্য দিয়ে মানুষকে উদ্দীপ্ত করার দিন হয়তো ফুরিয়েছে। এ নাটক যদি মানুষের মনে সামান্য দাগ ফেলতে পারে, সেটাও অনেক বড় একটি ব্যাপার হবে।’
অমানিশা নাটকটির পরিকল্পনা করেছেন মনিদীপ দাস সুমন। এতে অভিনয় করছেন অমিতাভ, বাদল, কৌস্তুভ, যিশু, সন্তোষ, সুজয়, সৌমিক, রত্নদীপ, মনিদীপ, ঋতুরেখা, সোনারেখা প্রমুখ। নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে ২৩ আগস্ট আসামের কেএক্সজে কলেজ অডিটোরিয়ামে। অমানিশা যৌথভাবে প্রযোজনা করছে লার্নার্স এডুকেশনাল সোসাইটি ও নাট্যমঞ্চ। সহযোগিতা করছে ত্রিপুরার সংগীত-নাটক আকাদেমি।