ঢাকার মঞ্চে নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষণ থিয়েটারে মঙ্গলবার মঞ্চস্থ ‘শাদী পায়গাম’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর দৃশ্য
পরীক্ষণ থিয়েটারে মঙ্গলবার মঞ্চস্থ ‘শাদী পায়গাম’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর দৃশ্য

খায়ের উদ্দিন পুরাতন ঢাকার বনেদি পরিবারের প্রধান। সবাই মহাজন নামে সম্বোধন করে। অবশ্য পুরনো অনেক লোক অভ্যাসগত কারনে ‘খ্যাচ খায়ের উদ্দিন’ বলেও ডাকে। অর্থ-বিত্ত-ক্ষমতা কোন কিছুর অভাব না থাকলেও সংসারে একটি সমস্যা আছে তাঁর। সেটি হলো, পরিবারের তিনটি বিবাহযোগ্য মেয়ে।
এটি ‘শাদী পায়গাম’ নাটকের পটভূমি। পুরাতন ঢাকার পটভূমিতে তৈরি রঙ্গপীঠের ১১তম প্রযোজনা হাসির নাটক ‘শাদী পায়গাম’-এর উদ্বোধনী প্রদর্শনী হলো মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। আন্তন চেখভের মূল গল্প থেকে নাটকটির রুপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন গোলাম জিলানী।
উদ্বোধনী প্রদর্শনীর আগে ছিল আলোচনা। এতে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান, সহ-সভাপতি ঝুনা চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন রঙ্গপীঠ নাট্যদলের দলপ্রধান গোলাম জিলানী।

আন্তন চেখভের গল্প অবলম্বনে ‘শাদী পায়গাম’ নাটকটি রঙ্গপীঠের ১১তম প্রযোজনা
আন্তন চেখভের গল্প অবলম্বনে ‘শাদী পায়গাম’ নাটকটি রঙ্গপীঠের ১১তম প্রযোজনা


নাটকে দেখা যায়, একটি নিজের, একটি ভাইয়ের ও একটি তাঁর বোনের মেয়েকে। এই মেয়ে তিনটির বিয়ে নিয়ে খায়ের উদ্দিনের চিন্তা। ভাল পাত্রের খোঁজে তিনি ব্যাকুল থাকে সারাক্ষণ। মেয়েদের বিয়ে নিয়ে যখন খায়ের উদ্দিন মহাচিন্তায়, তখন একদিন মনে পড়ে ঘটক হাজেরা বেগমের কথা। ঠিক তখনই খায়ের উদ্দিনের প্রতিবেশি ফুলচান নিজেই খায়ের উদ্দীনের মেয়ে বাতুনী বেগমের সঙ্গে নিজের বিয়ের প্রস্তাব নিয়ে তাঁর বাসায় আসে। সেজে-গুজে, ভালো পোশাক পরে, আতর মেখে বিভিন্ন কলা-কৌশলে ফুলচান বিয়ের প্রস্তাব পেশ করে খায়ের উদ্দিনের কাছে । খায়ের উদ্দিনও এককথায় রাজি হয়ে যায়, কিন্ত সমস্যা বাঁধে অন্য জায়গায়। আর এই সমস্যার জট খুলতে অনেক ঝগড়া, বিপত্তি, মারামারিসহ বিভিন্ন মজার ঘটনা ঘটতে থাকে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সাজ্জাদ হোসেন, গোলাম জিলানী, আমিরুননেসা মিতা, আসমা আলী , মৌসুমী অধিকারী, প্রশান্ত ঘোষ, বুদ্ধদেব মুখার্জি শুভ, মো. রাকিব হোসেন, হাসিবুল হাসান প্রমুখ।

নাটকটির মঞ্চ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন সাজ্জাদ হোসেন, সংগীত ও আলোক পরিকল্পনায় ছিলেন গোলাম জিলানী আর পোশাক পরিকল্পনায় শ্যাম ঘোষ।