ঢাকায় মণিপুরি থিয়েটারের তিন দিন
তিন দিনের ঝটিকা সফরে ঢাকায় আসছে সিলেটের কমলগঞ্জের নাটকের দল মণিপুরি থিয়েটার। আজ শুক্রবার থেকে ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে তারা পরিবেশন করবে দুটি নাটকের খণ্ডাংশ এবং একটি পূর্ণ নাটক।
আজ লোক নাট্যদলের আয়োজনে অনুষ্ঠিত হবে পাঠাভিনয় উৎসব। সেই উৎসবে দলের সদস্য জ্যোতি সিনহা শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পাঠাভিনয় করবেন রুধিররঙ্গিনী নাটকের কিছু অংশ। নাটকটি কিছুদিনের মধ্যেই মঞ্চে আনছে দলটি। ২৯ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সরকারি সংগীত কলেজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘হাজার বছরের বাঙলা গান’ অনুষ্ঠানে শ্রীকৃষ্ণকীর্তন–এর নৌকাখণ্ড মঞ্চায়িত হবে। এ ছাড়া ৩০ জুলাই স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে কহে বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।