ঢাকায় রোমিও জুলিয়েট

শেক্সপিয়ারের ৪০০ তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় মঞ্চস্থ হবে রোমিও জুলিয়েট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে ২৮ ও ২৯ মার্চ নাটকটি প্রথমবারের মতো এ নাটক দেখতে পাবে দর্শক।
একেবারে নতুন এক ভাবনা থেকে এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ ও যুক্তরাজ্যের গ্রায়ে থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিইলি। আয়োজনটি করছে ব্রিটিশ কাউন্সিল। আজ রোববার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাটকটি মঞ্চায়নের এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
সিআরপি-বাংলাদেশ, ব্র্যাক, ব্রিজ ও গ্রায়ে থিয়েটারের ১৪ জন মেধাবী প্রতিবন্ধী শিল্পী এ নাটক মঞ্চায়ন করবেন।
সংবাদ সম্মেলনে প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ম্যাট পিউসে, গ্রায়ে থিয়েটার কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর জেনি সিইলি, ঢাকা থিয়েটারের প্রধান নাসির উদ্দিন ইউসুফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
সংবাদ সম্মেলনে অ্যালিসন ব্লেক বলেন, ‘যুক্তরাজ্যের মহান লেখক শেক্সপিয়ার নিশ্চিত করেছিলেন যে, তাঁর লেখা সবার কাছে বোধগম্য হবে। আমি আনন্দিত, ব্রিটিশ কাউন্সিল তাঁর ৪০০ তম তিরোধান বর্ষকে স্মরণীয় করে রাখতে আরও একধাপ এগিয়ে তাঁরই এক অমর কীর্তির বাংলাদেশি রূপান্তর ঘটিয়েছে অন্যরকম “রোমিও ও জুলিয়েট” প্রযোজনার মধ্য দিয়ে। আমার বিশ্বাস এই প্রযোজনা শুধু শিল্প নয়; সকল ক্ষেত্রেই আমাদের কাছে প্রেরণা হয়ে উঠবে।’