ঢাকায় শেষ, কক্সবাজারে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের শেষ দিনে পরিবেশিত  ধামাইল রাই কিশোরীর একটি মুহূর্ত। ছবি: প্রথম আলো
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের শেষ দিনে পরিবেশিত ধামাইল রাই কিশোরীর একটি মুহূর্ত। ছবি: প্রথম আলো

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা। শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে বাজল বাঁশির সুর। সেই বাঁশির সুরকে উপজীব্য করে রাই কিশোরী ধামাইলপালা। বাঁশিতে কখনো প্রাণের সুর, কখনো বিচ্ছেদের সুর আবার কখনো অনুরাগের সুর। কখনো মরণ বাঁশি, কখনো প্রাণের বাঁশি, কখনো বিষের বাঁশি, নিলাজ বাঁশি। খোলা প্রাঙ্গণে সেই বাঁশির সুর, গানে মাতোয়ারা শত শত মানুষ। শীত পাত্তা পেল না তাঁদের কাছে। টিকিট কিনে দেখলেন সেই আয়োজন।

গতকাল বৃহস্পতিবার শেষ হলো ২১ দিনের বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। দেশের প্রায় সব জেলার ঐতিহ্যবাহী ও নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে ঢাকায় এসেছিলেন ৬৪ জেলার শিল্পীরা। উদ্দেশ্য ছিল দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে রাজধানীবাসী ও নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া। দেশের নানা জায়গা থেকে নানা কারণে যাঁরা রাজধানীতে এসেছিলেন, তাঁদের এই ঐতিহ্য ভুলতে না দেওয়া। পাঁচ হাজারের বেশি শিল্পী ও শতাধিক সংগঠনের অংশগ্রহণে নাচ, গান, নাটকসহ নানা আয়োজনের পাশাপাশি ছিল যাত্রাপালা, আলকাপ, কুশানপালা, পদ্মার নাচন, গুনাই বিবির পালা, রয়ানী, গাজীর গান, খাইরুন সুন্দরীর পালা, ঘেটুগান, বাউলগান, নিমাই সন্ন্যাস পালা, পুতুলনাচ, গম্ভীরা, সোনাভানের পুঁথি, অষ্টকপালা, পালাটিয়া, গাজী-কালুর কেচ্ছা, পালাগান, শিবের গাজন, সাইদুলের কেচ্ছা, কবিগান, সংযাত্রা।

সমাপনী বক্তৃতা দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ছবি: প্রথম আলো
সমাপনী বক্তৃতা দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ছবি: প্রথম আলো

গতকাল উৎসবের শেষ দিনে ছিল সুনামগঞ্জের ধামাইল রাই কিশোরী। সজল কান্তি সরকারের রচনা ও গৌতম কর তপনের নির্দেশনায় একতা নাট্য সংস্থা পরিবেশন করে ঐতিহ্যবাহী এই লোকনাট্য। এর সংগীত পরিচালনায় ছিলেন সোহেল রানা ও ফারজানা আক্তার। ধামাইলের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্চিনাগু, শম্পা পাল, মৌলি তালুকদার, নোভা চৌধুরী, রুহি দেবনাথ, মাশিয়াত সুবহে আলম প্রমুখ শিল্পী।

বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানটি ছিল একাডেমির নন্দন মঞ্চে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়া। আলোচনা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করে অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা পরিবেশন করেন কোলাজ গান। লিয়াকত আলী বলেন, ‘এ বছর সাফল্যের সঙ্গে এই উৎসবের আয়োজন করা গেল। আগামীবার আরও বড় পরিসরে আমরা এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করব।’ তিনি বলেন, ‘শিক্ষায়, সংস্কৃতিতে, মানবিক মূল্যবোধে রবীন্দ্রনাথ, নজরুল, লালন যে সংস্কৃতির কথা বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখেছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি আমরা। সে ধারাবাহিকতায় এটি ছিল এ-যাবৎকালের সর্ববৃহৎ সাংস্কৃতিক উৎসব।’

বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের ক্ষুদ্র জাতিসত্তার পরিবেশনা। ছবি: প্রথম আলো
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের ক্ষুদ্র জাতিসত্তার পরিবেশনা। ছবি: প্রথম আলো

লিয়াকত আলী আরও জানান, বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের পরিবেশনার মধ্যে ছিল সমবেত সংগীত, যন্ত্রসংগীত, ঐতিহ্যবাহী লোকজ খেলা, পালা, একক সংগীত, বাউলসংগীত, ঐতিহ্যবাহী লোকনাট্য, যাত্রা, সমবেত নৃত্য, অ্যাক্রোবেটিক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা, পুতুলনাচ, একক আবৃত্তি, শিশুদের পরিবেশনা, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত ও নৃত্য, নাটকের কোরিওগ্রাফি, বৃন্দ আবৃত্তি, ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের পরিবেশনা, আঞ্চলিক ও জেলা ব্র্যান্ডিং-বিষয়ক সংগীত ও নৃত্য এবং জেলার ঐতিহ্যবাহী ভিডিও চিত্র প্রদর্শনী। উৎসবে প্রতিদিন তিনটি জেলা, তিনটি উপজেলা, জাতীয় পর্যায়ের শিল্পী ও সংগঠনের পরিবেশনা ছিল। এ ছাড়া একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন রাত আটটা থেকে একটি লোকনাট্য পরিবেশিত হয়।

টাঙ্গাইলের সংযাত্রা। ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের সংযাত্রা। ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমিতে যখন বাংলাদেশ সাংস্কৃতিক আয়োজনের শেষ মুহূর্তের আয়োজন চলছিল, তখন মাঠে একপাশে মিলল কয়েকটি দূরপাল্লার বাস। শিল্পী, আয়োজকেরা যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। গন্তব্য কক্সবাজার। আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয় সৈকত সাংস্কৃতিক উৎসব। বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এর আগে সৈকতের সুগন্ধা এলাকা থেকে শোভাযাত্রা বের হয়।

কক্সবাজার সমুদ্রসৈকতে প্রশাসকের উন্মুক্ত মঞ্চে উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম। দুই দিনব্যাপী এই উৎসবে সংগীত, নৃত্য, অ্যাক্রোবেটিক, ক্ষুদ্র জাতিসত্তার পরিবেশনা এবং পারফরম্যান্স আর্টসহ বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও বাংলাদেশে শিল্পকলা একাডেমির পাঁচ শতাধিক শিল্পী অংশগ্রহণ করবেন।