তনুশ্রী পদক পেলেন নাট্যতীর্থ'র তপন হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে তপন হাফিজের হাতে তনুশ্রী পদক তুলে দিচ্ছেন রামেন্দু মজুমদার।
শিল্পকলা একাডেমিতে তপন হাফিজের হাতে তনুশ্রী পদক তুলে দিচ্ছেন রামেন্দু মজুমদার।

‘তনুশ্রী একটি অসমাপ্ত জীবন। সম্ভাবনার ফুলকি ঝরিয়ে অকালে তাঁর চলে যাওয়া আমাদের ব্যথিত করেছে। নাট্যধারার মাঝে তনুশ্রী বেঁচে থাকবেন।’ নাটকের দল নাট্যধারা আয়োজিত তনুশ্রী পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন রামেন্দু মজুমদার। তনুশ্রী পদক নিয়ে তিনি বলেন, ‘নাট্যাঙ্গনের মানুষদের কাছ থেকে একজন নাট্যকর্মীর পদক পাওয়া অনেক বেশি সম্মানের। নিজেদের অঙ্গনের মানুষদের কাছ থেকে স্বীকৃতি পাওয়াটা অনেক বড় পাওনা। এই পদক নিঃসন্দেহে একজন নাট্যকর্মীকে তার কাজের প্রতি অনেক বেশি দায়বদ্ধ করে তুলবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

মঞ্চনাটকে অবদানের স্বীকৃতিস্বরূপ নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক–২০১৬ পেলেন নাট্যতীর্থ-এর প্রধান সম্পাদক তরুণ নাট্যকর্মী তপন হাফিজ। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এক অনুষ্ঠানে তপন হাফিজের হাতে এই পদক তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার।

পদক পেয়ে নিজের অনুভূতি জানাচ্ছেন তপন হাফিজ।
পদক পেয়ে নিজের অনুভূতি জানাচ্ছেন তপন হাফিজ।

পুরস্কার হিসেবে তপন হাফিজের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাঁকে উত্তরীয় পরিয়ে দেন রামেন্দু মজুমদার। ১৫ হাজার টাকার রেপ্লিকা চেক তুলে দেন ফ্যাশন হাউস অঞ্জনসের শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ।
আয়োজক নাট্যদল নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে পদক প্রদানের শুরুতেই নাট্যধারার অকালপ্রয়াত নাট্যকর্মী তনুশ্রী গায়েনের জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নিয়ে তাঁদের উত্তরীয় পরিয়ে দেন নাট্যধারার নাট্যকর্মীরা।
অনুভূতি প্রকাশে পদকপ্রাপ্ত নাট্যকর্মী তপন হাফিজ বলেন, ‘একজন নাট্যকর্মীর কাছে এই পদক অনেক বেশি সম্মানের। প্রাপ্তির আগে বুঝতে পারিনি এই পদক কতটা সম্মানের। এখন বুঝতে পারছি। এ পদক আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ করে তুলেছে। আমি কৃতজ্ঞ নাট্যধারার প্রতি।’

পদক প্রদান শেষে মঞ্চাস্থ হয় ‘অতীশ দীপঙ্কর সপর্যা’ নাটকটি।
পদক প্রদান শেষে মঞ্চাস্থ হয় ‘অতীশ দীপঙ্কর সপর্যা’ নাটকটি।

এ সময় পদকপ্রাপ্ত তপন হাফিজের নাট্যজীবনের বিভিন্ন বিষয়ের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
পদক প্রদান শেষে মঞ্চায়ন হয় নাট্যধারা প্রযোজিত ও অলোক বসু নির্দেশিত নাটক ‘অতীশ দীপঙ্কর সপর্যা’।