তমার গান, শোভনসুন্দরের আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজীনা তমা ও শোভনসুন্দর বসুর গান-কবিতার যুগলবন্দী হবে শনিবার। ছবি:ফেসবুক থেকে
তানজীনা তমা ও শোভনসুন্দর বসুর গান-কবিতার যুগলবন্দী হবে শনিবার। ছবি:ফেসবুক থেকে

বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী তানজীনা তমা ও ভারতের আবৃত্তিশিল্পী শোভনসুন্দর বসুর গান-কবিতার যুগলবন্দী আয়োজন করা হয়েছে। কাল শনিবার সন্ধ্যা ছয়টায় শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা সূর্যমুখী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক নীপা চৌধুরী।

রবীন্দ্রসংগীতশিল্পী তানজীনা তমা। ছবি: ফেসবুক থেকে
রবীন্দ্রসংগীতশিল্পী তানজীনা তমা। ছবি: ফেসবুক থেকে

দুই দেশের দুই শিল্পীর এ যুগলবন্দী অনুষ্ঠানের শিরোনাম ‘গান কবিতার ছায়াতলে’। তানজীনা তমা ও শোভনসুন্দর বসু নিজ ক্ষেত্রে ইতিমধ্যে সুধী শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। পেয়েছেন অসংখ্য শ্রোতা ও দর্শকের ভালোবাসা।

তানজীনা তমা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের নানা পর্যায়ের ১০টি গান গাইব। ফাঁকে ফাঁকে থাকবে আবৃত্তি। দুই দেশের দুই শিল্পীর এ যুগলবন্দী আশা করি দারুণ হবে।’ শোভনসুন্দর বসু বলেন, ‘বাংলাদেশে আসার অনুভূতি সত্যিই দারুণ। তানজীনা তমা গুণী শিল্পী। তাঁর সঙ্গে আবৃত্তি করব। সত্যিই দারুণ ব্যাপার। অনুষ্ঠানে আমি ১০ জন কবির ১০টি কবিতা আবৃত্তি করব। আশা করি গান-কবিতার এ অনুষ্ঠান দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

ভারতের আবৃত্তিশিল্পী শোভনসুন্দর বসু। ছবি: ফেসবুক থেকে
ভারতের আবৃত্তিশিল্পী শোভনসুন্দর বসু। ছবি: ফেসবুক থেকে

শিল্পী তানজীনা তমা প্রায় এক যুগ শিক্ষকতা করেছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানটে। তিনি বলেন, ‘ছায়ানটেই আমার গান শেখা, বড় হওয়া। শ্রদ্ধেয় ওয়াহিদুল হক, সন্‌জীদা খাতুন আমার অন্যতম দীক্ষাগুরু। এ ছাড়া শিখেছি অন্য বরেণ্য ওস্তাদদের কাছে। আমার সেই শিক্ষাটা, নিজের বোধ ও মনন এবং রবীন্দ্রদর্শনকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতেই শিক্ষকতা করি। আমার নিজের একটি সংস্কৃতিচর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের স্কুল রয়েছে। রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত সেই স্কুলের নাম ‘বিভাস’। সব বয়সী ছেলেমেয়েদের জন্য এখানে আছে গান, নৃত্য, আবৃত্তি, উপস্থাপনা, তবলা, গিটার এবং চিত্রাঙ্কন শেখার সর্বাধুনিক সুযোগ-সুবিধা। শিক্ষক হিসেবে এখানে যুক্ত আছেন খ্যাতিমান কিছু নিবেদিত দীক্ষাগুরু। আমরা সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও বাঙালি সংস্কৃতির নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের পাঠ দান করি।’

অন্যদিকে শোভনসুন্দর বসু কলকাতার আবৃত্তি অঙ্গনের পরিচিত মুখ। ২০০৩ সালে কাব্যব্যান্ড ‘বৃষ্টি’ তৈরি করে সাড়া ফেলেছিলেন তিনি। যেখানে লাইভ যন্ত্রানুষঙ্গে কবিতা আবৃত্তি। দুটি অ্যালবামও বের হয়। দেশে-বিদেশে অংশ নেন।