তিন দিনব্যাপী ব্যতিক্রমের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রম নাট্যগোষ্ঠী তিন দিনব্যাপী ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০১৭’ শিরোনামে নাট্যোৎসবের আয়োজন করেছে। ২৪ থেকে ২৬ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে উৎসবটি অনুষ্ঠিত হবে। সৈয়দ মহিদুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উৎসবটি হচ্ছে। সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।

২৪ আগস্ট প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, ২৫ আগস্ট ব্যতিক্রমের দুরাশা ও পিছু ডাক এবং ২৬ আগস্ট আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর প্রথম পার্থ নাটকগুলো দেখানো হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী।

 সৈয়দ মহিদুল ইসলাম পদক দেওয়া হবে নাট্যজন লিয়াকত আলী লাকীকে। এ ছাড়া মঞ্চবন্ধু পুরস্কার দেওয়া হবে সময় নাট্যদলের মানসুরা আক্তার, সুবচন নাট্য সংসদের কামাল মোহাম্মদ আহসান, নাট্যকেন্দ্রের লুসি তৃপ্তি গমেজ এবং মণিপুরি থিয়েটারের শুভাশিস সিনহাকে।

দেওয়া হবে যুগল সম্মাননাও। সংস্কৃতিক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনের অবদানের স্বীকৃতি দিতে এই আয়োজন। এ বছর পাচ্ছেন শিল্পী সুজিত মোস্তফা ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, সিলেটের জীবন সংকেত নাট্যগোষ্ঠীর অনিরুদ্ধ কুমার ধর ও রুমা মোদক এবং প্রাচ্যনাট নাট্যদলের শতাব্দী ওয়াদুদ ও স্নাতা শাহরিন।