তিন দিনের সেলিম আল দীন উৎসব

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮তম জন্মদিনে আয়োজন করা হয়েছে ‘সেলিম আল দীন’ উৎসব। এ উপলক্ষে আগামী ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে তিন দিনের অনুষ্ঠান। নাটক মঞ্চায়ন, পদক প্রদান ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ এ উৎসবে থাকছে নানা আয়োজন।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখকের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হবে। বিকেল ৪টায় থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে সেলিম আল দীন উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এই সন্ধ্যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে দেওয়া হবে ‘সেলিম আল দীন পদক’। সন্ধ্যা সাড়ে ৭টায় নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’।
পর দিন ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘কারবালার জারি’। মীর মশাররফ হোসেনের রচনা থেকে নেওয়া এ নাটকের নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। প্রযোজনা করেছেন জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
উৎসবের শেষ দিন ২০ আগস্ট থাকছে ‘সেলিম নাট্যমঞ্জরি’। তাতে সেলিম আল দীনের নাটকের চরিত্রগুলিকে নিয়ে মঞ্চস্থ হবে বিশেষ নাটক ‘পুতুল তোমার জনম কী রূপ’। সন্ধ্যা ৭টায় এটি দেখানো হবে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। এতে একক অভিনয় করবেন শিমূল ইউসুফ। নাটকগুলো দেখা যাবে দর্শনীর বিনিময়ে।
যৌথভাবে তিন দিনের ‘সেলিম আল দীন উৎসব’ আয়োজন করেছে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।