তিন নাটক দিয়ে নববর্ষ উদ্যাপন করবে থিয়েটার

যাঁরা মঞ্চ নাটক ভালোবাসেন, তাঁদের জন্য খবরটি নিঃসন্দেহে আনন্দের। বাংলা নববর্ষের ছুটি কাটাতে পারবেন মঞ্চনাটক দেখে। কেননা এবারের পয়লা বৈশাখে তাঁদের জন্য তিনটি ভিন্ন স্বাদের নাটক নিয়ে বিশেষ উৎসবের আয়োজন করছে দেশের অন্যতম শীর্ষ নাট্যদল থিয়েটার।
রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পয়লা বৈশাখের দিন বেলা ১১টা, বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা ৭টায় তিনটি নাটক মঞ্চস্থ করবে থিয়েটার। এ আয়োজনে সহযোগিতা করছে এক্সপ্রেশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে বিবিএস কেব্লস।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থিয়েটারের দল প্রধান নাট্যজন রামেন্দু মজুমদার, বিবিএস কেব্লসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার ও এক্সপ্রেশনসের পরিচালক সৈয়দ আপন আহসান।
রামেন্দু মজুমদার বলেন, ‘দেশের সাম্প্রতিক সময়কে ধারণ করে এমন তিনটি নাটক নিয়ে এ আয়োজন সাজানো হয়েছে। থিয়েটার একটি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এ কাজ শুরু করে দিল, আশা করছি সামনের বছর থেকে অন্যান্য নাট্যদল ও করপোরেট প্রতিষ্ঠানগুলো পয়লা বৈশাখ সামনে রেখে এমন আয়োজন করবে।’ তিনি বলেন, ‘বছরের প্রথম দিন সুবিধাজনক সময়ে মানুষ মহিলা সমিতির মঞ্চে নাটকগুলো দেখতে আসুক। এ জায়গাটি একসময় বাংলাদেশের মঞ্চ নাটকের কেন্দ্রবিন্দু ছিল। আমাদের প্রত্যাশা, জায়গাটা আবারও জমজমাট হয়ে উঠুক।’
পয়লা বৈশাখের দিন বেলা ১১টায় মঞ্চস্থ হবে কবি সব্যসাচী সৈয়দ শামসুল হকের লেখা ও আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত এ নাটকটির নবরূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী। বিকেল সাড়ে পাঁচটায় মঞ্চস্থ হবে মারুফ কবিরের রচনা ও নির্দেশনায় নতুন নাটক ‘মায়ানদী’। সর্বশেষ সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় ‘মেরাজ ফকিরের মা’।