তিন বছর পর 'এবং বিদ্যাসাগর'
প্রায় তিন বছর পর আবারও মঞ্চে আসছে আরণ্যক নাট্যদলের ‘এবং বিদ্যাসাগর’। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটি প্রদর্শিত হবে। মান্নান হীরার লেখা এই নাটকটিতে বরাবরের মতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করছেন আরণ্যক নাট্যদলের প্রধান ও নাটকটির নির্দেশক মামুনুর রশীদ।
এবারের মঞ্চায়ন নিয়ে মামুনুর রশীদ বলেন, ‘বর্তমান সমাজ ও শিক্ষাঙ্গনের যে অবস্থা, তাতে বিদ্যাসাগরকে আবারও সমাজের সামনে তুলে ধরা দরকার।’ তিনি জানান, এটা ‘এবং বিদ্যাসাগর’-এর ৫১তম প্রদর্শনী।
অক্টোবরে একটি উৎসবে নিজেদের উল্লেখযোগ্য নাটকগুলো আবারও মঞ্চে আনবে আরণ্যক নাট্যদল। সেই উৎসবে আবারও প্রদর্শিত হবে ‘এবং বিদ্যাসাগর’।
নাটকটিতে অভিনয় করবেন মান্নান হীরা, তমালিকা কর্মকার, মোমেনা চৌধুরী, আমিনুল হক, আমানুল হক, আপেল, সাজু, সাইদ ইমন, পার্থ, কামরুল, শারমিন হায়াত, অয়ন, সুজাত শিমুল প্রমুখ।