তিন যুগ পূর্তিতে ৮ নাটক নিয়ে লোক নাট্যদলের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রথযাত্রা’ নাটকটি ফাইল ছবি
উৎসবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রথযাত্রা’ নাটকটি ফাইল ছবি

দলের ৩ যুগ পূর্তিকে উদ্‌যাপন করতে নিজেদের ৮টি নাটক নিয়ে উৎসবের আয়োজন করেছে লোক নাট্যদল। আগামী ৫ জুলাই লোক নাট্যদলের প্রতিষ্ঠার তিন যুগ । ১৯৮১ সালের ৬ জুলাই নাট্যজন লিয়াকত আলী লাকীর নেতৃত্বে নাট্যপ্রেমী একঝাঁক তরুণের সম্মিলনে যাত্রা শুরু করে থিয়েটার সংগঠন লোক নাট্যদল।

সোমবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪দিনের উৎসবের ঘোষণা দেন দলটির প্রধান লিয়াকত আলী। এ সময় তিনি জানান, ১৯৮১ সালের ৬ জুলাই ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর বাড়িতে লোক নাট্যদলের জন্ম। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার লবিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে দুটি নাটক- সুকুমার রায়ের ‘অবাক জলপান’ এবং তারিক আনাম খান রূপান্তরিত মলিয়েরের ‘কঞ্জুস’।
৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে অধ্যাপক আব্দুস সেলিম অনুদিত গাও সিং জিয়ান-এর ‘মাঝরাতের মানুষেরা’। ৭ জুলাই শুক্রবার বিকেল ৪টায় ‘মুজিব মানে মুক্তি’, ৫টায় রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘ডাকঘর’ এবং সন্ধ্যা ৬টায় রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক আলোচিত নাটক ‘রথযাত্রা’ মঞ্চস্থ হবে। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়নে রয়েছে ময়মনসিংহ গীতিকার অবলম্বনে পদাবলি যাত্রা ‘সোনাই মাধব।
৮ জুলাই শনিবার আয়োজনের সমাপনী দিন সকাল ১১টায় রয়েছে সেমিনার। শেষ দিন সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘লোক নাট্যদলের কর্মমুখর তিন যুগ’ শিরোনামের সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যগবেষক আশীষ গোস্বামী। এদিন পরীক্ষণ থিয়েটারে ‘লীলাবতী আখ্যান’ দিয়ে শেষ হবে উৎসব।

সংবাদ সম্মেলনে কথা বলছেন লিয়াকত আলী ছবি প্রথম আলো
সংবাদ সম্মেলনে কথা বলছেন লিয়াকত আলী ছবি প্রথম আলো

সংবাদ সম্মেলনে লিয়াকত আলী জানান, ৩ যুগে লোক নাট্যদল ছোটদের নাটকসহ মোট ৬০টি নাটক প্রযোজনা করেছে। তিনি বলেন, লোক নাট্যদলের মূল লক্ষ আধুনিক নাট্যমনষ্ক দর্শকদের উপযোগী করে বাংলার ঐতিহ্যবাহী নাট্য কর্মের শিল্পিত উপস্থাপন,বিশ্বনাট্যর বিভিন্ন ধারার নাটক প্রযোজনা এবং বাংলা নাটককে সমৃদ্ধ করা।
সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্টি হেফাজ, মাহফুজা হিলালী, মাসউদ সুমন, রুবেল শংকর, সুজন মাহমুদসহ লোক নাট্যদলের অনেক সদস্য।