তৃতীয় গহনযাত্রা শনিবার

পদাতিক নাট্য সংসদ তৃতীয়বারের মতো মঞ্চে আনছে তাদের নতুন নাটক ‘গহনযাত্রা’। আগামী শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘গহনযাত্রা’।
উগ্রপন্থার অনুসারীরা সব ভিন্ন মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য তারা চালায় ধ্বংসলীলা, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষণ করে অসংখ্য নারীকে। ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দী করে রাখে। বন্দিদশা থেকে পালাতে চায় অনেকে। কিন্তু মারা যায় তারা। শুধু বেঁচে যায় সালমা। সালমাও একসময় উগ্রপন্থীদের হাতে ধরা পড়ে। তাকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। সালমা কামনা করে, যেন সব অনাচার আর বিভেদ পৃথিবী থেকে বিদায় নেয়।
দ্বৈত ও অদ্বৈতের এ আখ্যান লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে একক অভিনয় করছেন শামছি আরা সায়েকা।