থিয়েটার সপ্তাহে 'পায়ের আওয়াজ পাওয়া যায়';কাল সমাপনী
চারদিকে মুক্তিযুদ্ধের দামামা। উদ্বেগ-উত্তেজনা ছোট-বড় সবার মধ্যে। ১৭ গ্রামের নারী-পুরুষ এসেছেন মাতব্বরের কাছে। তাঁদের চোখে-মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন মাতব্বরের সঙ্গে দেখা করেছেন জানিয়ে সবাইকে আশ্বাস দিচ্ছেন তিনি। পাকিস্তানি বাহিনীর ওপর ভরসা রাখতে বলছেন উপস্থিত লোকজনকে। সহজ-সরল গ্রামবাসী সহজে আশ্বস্ত হতে পারেন না মাতব্বরের কথায়। এভাবে নানা ঘটনার ঘনঘটায় এগিয়ে যায় পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের কাহিনি।
‘সবার উপরে জীবন সত্য’ এই স্লোগান নিয়ে ‘থিয়েটার’-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালায় চলছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘থিয়েটার সপ্তাহ-২০১৫’। গতকাল মঙ্গলবার উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ হয় সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লা আল-মামুন নির্দেশিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, কেরামত মাওলা, সমর দেব, ত্রপা মজুমদার, খুরশীদ আলম, মারুফ কবির, তোফা হোসেন, পরেশ আচার্য, সাইফ জোয়ারর্দার প্রমুখ।
আজ বুধবার মঞ্চায়ন হবে ‘বারামখানা’। পান্থ শাহরিয়ার রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। আগামীকাল বৃহস্পতিবার উৎসবের সমাপনী দিন। বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘থিয়েটার পত্রিকার ত্রিশ বছর’ শীর্ষক গ্রন্থ নিয়ে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংস্কৃতিমন্ত্রী ও থিয়েটার পত্রিকার প্রতিষ্ঠাকালীন সহ-সম্পাদক আসাদুজ্জামান নূর। সন্ধ্যায় মঞ্চায়ন হবে আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত থিয়েটার-এর বহুল আলোচিত নাটক ‘মেরাজ ফকিরের মা’।