দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে প্রমার 'মহুয়া'

তিন শ বছর আগে মৈমনসিংহ গীতিকার কবি দ্বিজ কানাই রচিত কাব্যপালা ‘মহুয়া’য় মানবিক সম্পর্কের মহত্ত্ব প্রতিধ্বনিত হয়েছে। বাংলা অলিখিত সাহিত্যের জনপ্রিয় এই আখ্যানে সব ধরনের সংকীর্ণতা, সাম্প্রদায়িক বিভেদবোধ ও লালসার ঊর্ধ্বে প্রেম ও উচ্চতর মানবিক চেতনারই জয় ঘোষিত হয়েছে। বহু যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত এই পালা মঞ্চে এনেছে চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠন। ৬ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে দর্শকেরা প্রাণভরে উপভোগ করেছেন এই প্রযোজনা।
নদের চাঁদ আর মহুয়ার হৃদয়ের আর্তি ছড়িয়ে আছে ‘মহুয়া’ কাব্যের প্রতিটি পঙ্ক্তিতে। প্রেমের দুর্নিবার আকর্ষণে জমিদারপুত্র নদের চাঁদ ছুটে গিয়েছিল হুমরা বেদের পালিত কন্যা মহুয়ার সান্নিধ্যে। কিন্তু শত প্রতিকূলতা উভয়ের মিলনে বাধা হয়ে দাঁড়ায়। তখন আত্মবিসর্জনের মধ্য দিয়ে মহুয়া জয় করে প্রেমকে। কাহিনির বিষাদঘন পরিণতি শেষমেশ দর্শক-শ্রোতার মাঝেও ছড়িয়ে পড়ে।
মহুয়া চরিত্রে তাসলিমা আক্তার, নদের চাঁদ চরিত্রে মঞ্জুর মুন্না, মা চরিত্রে রাবেয়া সুলতানা, হুমরা বেেদ চরিত্রে পার্থপ্রতিম মজুমদার, পালঙ্কসই চরিত্রে রোমেনা আফাজ ও সূত্রধর চরিত্রে বিশ্বজিৎ পাল, আসরারুল হক দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন।
প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার এবং প্রমার সভাপতি রাশেদ হাসান।