দিল্লি যাচ্ছে পঞ্চগড়ের শিশু নাট্যদল

নিজেদের নাটক নিয়ে ভারতের দিল্লি যাচ্ছে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার। ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক শিশু নাট্য উৎসবে যোগ দিচ্ছে তারা। উৎসবে অংশ নিতে ১৪ সদস্যের এই নাট্যদলটি দিল্লির উদ্দেশে বাংলাদেশ ছাড়ছে ১৩ নভেম্বর। ন্যাশনাল সেন্টার অব পারফর্মিং আর্টস (নিপা) আয়োজিত এই উৎসবে রহিম আবদুর রহিম রচিত ও নির্দেশিত কবি নাটকটি মঞ্চস্থ করবে বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুজিব-ইন্দিরা চুক্তি, বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক ও অসাম্প্রদায়িক বাংলাদেশের সংস্কৃতি, ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক ঘটনা নিয়ে নাটকটি লেখা হয়েছে। এতে অভিনয় করবে শিশুশিল্পী মুরতাদা আনিস, পিয়ারে আজম, নাজমুস সাকিব, রাকিবুল ইসলাম, আরমান বিন আওলাদ, আল খালিদ বিন ওয়ালিদ, রাফিউল ইসলাম, তমাল প্রধান, গাউসুল আযম, দুর্জয় চন্দ্র শীল, সোয়েব রেজা, রাজিবুল ইসলাম, তানভীর হাসান প্রমুখ। কারিগরি সহযোগিতায় থাকবেন তরুণ ইসলাম ও আরিফুজ্জামান।
বাংলাদেশ-ভারত সীমান্ত জটিলতা ও সাবেক ছিটমহলবাসীর দুঃখ-দুর্দশা নিয়ে রহিম আবদুর রহিম রচিত ও নির্দেশিত চুক্তির মুক্তি নাটকটি ২০১২ সালে ভারতের বারানসিতে অনুষ্ঠিত নাট্য উৎসবে অংশ নিয়েছিল।
২০০৪ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার, পিপলস থিয়েটারের অ্যাসোসিয়েশন ঢাকার অন্যতম অঙ্গসংগঠন। দলের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার এ পর্যন্ত ১৬টি মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ নাটক জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পরিবেশন করেছে।