দিল্লির উৎসবে ঢাবি মাইম অ্যাকশন

‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করেছিল মূকাভিনয়ের দল ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। প্রতিষ্ঠার পর থেকে পরিচিতি পেয়েছে দলটি। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে গেছে দলটি।
দিল্লির উৎসবে ‘লাইট ভার্সেস ডার্কনেস’-এর প্রদর্শনী করবে মাইম অ্যাকশন। এটি হবে মূকনাট্যটির পঞ্চম প্রদর্শনী। এটি ছাড়াও থাকছে একক ও পথপ্রদর্শনী। আন্তর্জাতিক এই উৎসবে অংশ নিতে গত বুধবার ঢাকা ত্যাগ করেছে ১৫ সদস্যের দলটি।
গতকাল শুক্রবার থেকে আগামীকাল রোববার পর্যন্ত দিল্লির শনিপাতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে রয়েছে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘বিশ্বমিল’। প্রতিবছর এই সময়ে উৎসবটির আয়োজন করে থাকেন জিন্দালের শিক্ষক-শিক্ষার্থীরা। ভারতের বিভিন্ন প্রদেশ ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সিঙ্গাপুর, মালদ্বীপসহ বিভিন্ন দেশ এই উৎসবে অংশ নিয়ে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ মূকাভিনয় দলটির মডারেটর হিসেবে রয়েছেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও মাইম অ্যাকশনের মডারেটর ফাদার তপন ডি রোজারিও। অন্য সদস্যরা হলেন খায়রুল বাসার, শাহরিয়ার শাওন, মৌসুমী মৌ, ইসরাত জাহান, ফরিদ উদ্দীন, এস এম জুম্মান সাদিক, অতসী আমিন, মো. রায়হান বাসার ভূঁইয়া, আলী আহসান, সাইফুল্লাহ মাহফুজ, জেরিন মার্জান আশরাফি, সানোয়ারুল হক, সাইফুল্লাহ সাদেক ও মীর লোকমান।
উৎসব শেষে আগামী বৃহস্পতিবার ঢাকায় ফিরবে দলটি। মাইমোড্রামা ‘লাইট ভার্সেস ডার্কনেস’-এর গল্প-ভাবনা ও নির্দেশনায় রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক তরুণ মূকাভিনেতা মীর লোকমান।
প্রতিবছর কর্মশালার মাধ্যমে নতুন নতুন মূকাভিনেতা তৈরি, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের এ শিল্পের সঙ্গে পরিচিত করানোর কাজ করে যাচ্ছে দলটি। ইতিমধ্যে সারা দেশে তিন শতাধিক দলীয় ও একক মূকাভিনয় প্রদর্শনী করেছে দলটি। ‘লাইট ভার্সেস ডার্কনেস’ তাদের জনপ্রিয় একটি মাইমোড্রামা।