দুই দশক পূর্তিতে মনিপুরি থিয়েটারের উৎসব

মনিপুরি থিয়েটার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পাঁচ দিনব্যাপী এক উৎসবের আয়োজন করেছে। সংগঠনের দুই দশক উদ্যাপনের অংশ হিসেবে এ আয়োজন। ‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’—স্লোগান নিয়ে এ উৎসব ২৪ ডিসেম্বর শুরু হবে। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে দলটি মঞ্চস্থ করবে তাদের আলোচিত পাঁচটি নাট্য প্রযোজনা।
দলটির প্রতিষ্ঠাতা সভাপতি শুভাশিস সিনহা বলেন, ১৯৯৬ সালে ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘোড়ামারা গ্রামে প্রতিষ্ঠিত হয় মনিপুরি থিয়েটারের। সেখানকার মনিপুরি সম্প্রদায়ের অধিবাসীদের নিয়ে গড়ে উঠেছে দলটির কার্যক্রম। মনিপুরি সংস্কৃতির আঙ্গিক ও উপাদানগুলো অক্ষুণ্ন রাখতেই মঞ্চে দলগতভাবে দীর্ঘদিন ধরে নাট্যচর্চা করে যাচ্ছে দলটি। ২০ বছরের পথচলায় ৩০টি প্রযোজনার মধ্যে ১৮টি নাটকই মনিপুরি ভাষায়, ১০টি বাংলা ও দুটি উভয় ভাষার মিশ্রণে তৈরি হয়েছে।

উৎসবে মধুসূদন দত্তের বীরাঙ্গনাদের গাথা নিয়ে ‘কহে বীরাঙ্গনা’, এক বন্ধ্যা নারীর সন্তান-আকাঙ্ক্ষা আর সম্পর্কের ত্রিমুখী দ্বন্দ্ব নিয়ে ‘লেইমা’ (লোরকার ‘ইয়ের্মা’ থেকে), মনিপুরি মৃদঙ্গ বাদকের করুণ কাহিনির মধ্য দিয়ে প্রান্ত জীবনের বিপর্যয়ের গল্প নিয়ে ‘ইঙাল আঁধার পালা’, ধর্মের অন্ধতা ও ক্ষমতার দাপটে সামান্য কথার সূত্রে এক শিশুকে জোর করে সমুদ্রে বিসর্জনের মর্মান্তিক কাহিনি ‘দেবতার গ্রাস’ নাটক মঞ্চায়ন করা হবে। এ ছাড়া ঐতিহ্যের নিরীক্ষায় মনিপুরি থিয়েটার মঞ্চে এনেছে রাসলীলা, নটপালা, হোলিসহ আরও নানা পরিবেশনা।