দুই বছর পর 'জলবাসর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার মঞ্চে ফিরছে দেশ নাটকের প্রযোজনা ‘জলবাসর’
সংগৃহীত

আবার মঞ্চে ফিরছে দেশ নাটকের প্রযোজনা ‘জলবাসর’। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। ফেসবুকে আজ রোববার এসব তথ্য জানিয়েছেন নাট্যকার মাসুম রেজা।
সমুদ্র ধ্বংস করা হচ্ছে আবর্জনা ফেলে। ধ্বংস হচ্ছে সামুদ্রিক মাছ ও প্রাণী। নদী মেরে ফেলা হচ্ছে। গাছ কেটে শেষ করা হচ্ছে, কাটা হচ্ছে পাহাড়। একটা সময় আসবে, পৃথিবীতে থাকবে একটি পাহাড়, মাত্র একটি গাছ। অর্থলোভে সেই গাছও বিক্রি করা হবে, কেটে ফেলা হবে। এর মাধ্যমে প্রকৃতিকে ধ্বংস করে মূলত মানুষই নিঃস্ব হবে। প্রকৃতি ধ্বংস করে আমরা কি নিজেদেরই ধ্বংস করছি? এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে ‘জলবাসর’ নাটকে।

দুই বছর পর ‘জলবাসর’-এর মঞ্চে ফেরা নিয়ে ওই পোস্টে মাসুম রেজা লিখেছেন, ‘দুবছর পর দেশ নাটকের নতুন নাটক “জলবাসর” মঞ্চে আসছে। “জলবাসর” একটি নাট্যকার নির্দেশিত নাটক। নাট্যকার মাসুম রেজা। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। শিল্পকলা এক্সপেরিমেন্টাল হলে আমন্ত্রণ।’

তিন বানিয়া কন্যা দর্শী, দোপাটি ও দাওয়ার গল্প ‘জলবাসর’
সংগৃহীত

যোগাযোগ করা হলে মাসুম রেজা বলেন, ‘করোনার কারণে নাটকটি দুই বছর আমরা মঞ্চে আনতে পারিনি। এই নাটকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এতে দুই সেট পারফরমার আছেন। অর্থাৎ প্রতিটি চরিত্রের জন্য দুজন করে পারফরমার। আগের দুটি শোতে দুই দিনের দুই সেট শিল্পী অভিনয় করেছেন। এবার তেমন কোনো পরিবর্তন নেই। আগের শিল্পীরাই কাজ করছেন। কেবল লুবাই ও দাওয়া চরিত্রে আগে যাঁরা করতে পারেননি, তাঁরা করছেন।’

নাটকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এতে প্রতিটি চরিত্রের জন্য দুজন করে পারফরমার আছেন

তিন বানিয়া কন্যা দর্শী, দোপাটি ও দাওয়ার গল্প ‘জলবাসর’। এই তিন বোন রুপার গয়না বানিয়ে বিক্রি করে। তাদের উঠানে প্রাচীন একটি গাছের শাখায় শাখায় লেখা এই তিন বোনের গল্প। এ গল্প একজনই পড়তে পারে, যার কোনো ছায়া নেই। গাছের শাখায় লেখা কাহিনিতে চিরবন্ধ্যা দর্শীর অন্তঃসত্ত্বা হয়ে ওঠার গল্প পাওয়া যায়। ছয় নামে একটি নদীর ময়ূরঘাটের জলে ছায়ার সঙ্গে এক জলবাসরে অন্তঃসত্ত্বা হয় দর্শী। ওদিকে দোপাটি ও দাওয়ার বিয়ে হয় ইয়াকুত মণ্ডলের দুই ছেলে পোখরাজ ও আকিক মণ্ডলের সঙ্গে। দর্শীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সবাই সন্দেহ করে। সে দায় এসে পড়ে পোখরাজের ওপর। এ কারণে দোপাটি পোখরাজের ঘর ছেড়ে চলে আসে চান্নিপশরে। এই সংকট নিয়ে এগিয়ে চলে ‘জলবাসর’-এর গল্প। দর্শী চরিত্রে অভিনয় করছেন নাজনীন হাসান চুমকী আর দোপাটি চরিত্রে বন্যা মির্জা। নাটকে আরও আছেন সুষমা সরকার, ফিরোজ আলম, কামাল আহমেদ, তিথি প্রমুখ।

২০২০ সালের জানুয়ারি মাসে পরপর দুটি প্রদর্শনী হওয়ার পর করোনার সংক্রমণের কারণে আর প্রদর্শনী হয়নি নাটকটির। নাটকটি মঞ্চে এনেছে দেশ নাটক।