দুই বছর পর 'বাঁধ' নামল জাতীয় নাট্যশালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ বাঁধ নাটকের একটি দৃশ্য
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ বাঁধ নাটকের একটি দৃশ্য

নদীবর্তী প্রান্তিক এক জনপদ নিয়ামতনগর। এই গ্রামের দুই জনগোষ্ঠী উত্তরপাড়া ও দক্ষিণপাড়া পরস্পরের আজন্ম শত্রু। এক মধ্যরাতে প্রলয়ংকরী আকস্মিক বন্যায় ভেসে যাওয়া নিয়ামতনগরের গৃহস্থ নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ আশ্রয় নেয় জেলা বোর্ডের ভঙ্গুর বাঁধে। এ বাঁধেও বিভক্তি রেখা টেনে উত্তরপাড়ার মানুষ আশ্রয় নেয় বাঁধের উত্তর অংশে, আর দক্ষিণপাড়ার মানুষ দক্ষিণ অংশে। বাঁধের ক্রমাগত ভাঙনের ফলে একসময় সকলে এক জায়গায় আশ্রয় নেয়। কিন্তু চরম সংকটকালেও প্রতিশোধ প্রতিহিংসায় হিংস্র হয়ে উঠে উভয় পক্ষ। উত্তর-দক্ষিণের মারামারি-হানাহানি-কাটাকাটিতে প্রায় নরক হয়ে উঠে বাঁধের জনপদ। এরই মধ্যে পানির প্রবল তোড়ে পুরো বাঁধ ভেঙে যখন সম্পূর্ণ বিলীন হওয়ার উপক্রম, তখনো বোধোদয় ঘটে না অনেকের।

বাঁধ নাটকটি প্রথম মঞ্চে এসেছিল ২০১৪ সালের ১১ জুলাই
বাঁধ নাটকটি প্রথম মঞ্চে এসেছিল ২০১৪ সালের ১১ জুলাই


‘বাঁধ’ নাটকের মূল গল্প এটি। নাটকটি প্রথম মঞ্চে এসেছিল ২০১৪ সালের ১১ জুলাই। কিন্তু ওই সময় দুটি প্রদর্শনীর পর নাটকটির আর প্রদর্শনী হয়নি। দুই বছরের বিরতির পর গতকাল রোববার আবারও ঢাকার মঞ্চে দেখা গেল নাটক ‘বাঁধ’ । শওকত ওসমানের গল্প অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজনায় এই নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। বিভিন্ন নাট্যদলের শিল্পীরা নাটকটিতে অভিনয় করছেন।
‘বাঁধ’ নাটকের নির্দেশক মোহাম্মদ বারী বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী সাহিত্য-নির্ভর নাট্য রচনা ও নির্মাণের আয়োজন করে। এ কর্মসূচির আওতায় ২০১৪ সালের ১১ জুলাই নাটকটি মঞ্চে আসে। কিন্তু দুটি প্রদর্শনীর পর নাটকটির আর প্রদর্শনী হয়নি। এবার নাটকটি পুনঃ মঞ্চায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে নাটকটির প্রদর্শনী হবে।

শওকত ওসমানের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।
শওকত ওসমানের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বাকার বকুল, মোহাম্মদ বারী, তৌফিকুল ইসলাম, সাইফ সুমন, এ কে আজাদ, শাকিল সিদ্ধার্থ, এহসানুর রহমান, হাসনাত রিপন, এজাজ বারী, শফিকুল ইসলাম, কাজী রাকিব, ম. সাঈদ, মেরিনা মিতু, রফিকুল ইসলাম, কান্তা জামান, এইচ এম মোতালেব, শাহরিয়ার সোহাগ, মাহফুজ সুমন, বিপাশা মন্ডল, মাহিয়া নূর প্রমুখ।

বিভিন্ন নাট্যদলের শিল্পীরা নাটকটিতে অভিনয় করছেন
বিভিন্ন নাট্যদলের শিল্পীরা নাটকটিতে অভিনয় করছেন


নাটক প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ বারী বলেন, ‘এই নাটকের পটভূমিতে রয়েছে বিভাজিত সমাজের উগ্রবাদিতা। জাতীয় ও বৈশ্বিক রাজনীতি এবং সামাজিক বাস্তবতায় বিপরীতমুখী চিন্তা ও দর্শনের সহ-অবস্থান আজ ভয়াবহ হুমকির মুখোমুখি। উগ্রবাদ ও ভেদ চিন্তার দর্শন শেষ পর্যন্ত ধর্মের নামে আজ ভয়ংকর জঙ্গিবাদের রূপ নিয়েছে। তাই বলা যায়, “ওই বাঁধে” গল্প থেকে রচিত নাটক “বাঁধ” মূলত উগ্রবাদ ও ভেদ চিন্তার বিরুদ্ধে মানবিক ঐক্যের জয়গান।’
নাটকটির মঞ্চ ও প্রকাশনা ডিজাইন করেছেন শাহীনুর রহমান। কোরিওগ্রাফি বাকার বকুল, সংগীত পরিকল্পনা রিফাত আহমেদ নোবেল, আলোক পরিকল্পনা অম্লান বিশ্বাসও পোশাক পরিকল্পনা করেছেন এনাম তারা।