দুই বাংলার শিল্পীরা স্মরণ করলেন বঙ্গবন্ধুকে

যশোরে দুই বাংলার শিল্পীরা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানালেন শ্রদ্ধা। এ শ্রদ্ধা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগীত, নৃত্য আর আবৃত্তির মধ্য দিয়ে তাঁরা বঙ্গবন্ধুকে স্মরণ করেন। উপমহাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ক্যালকাটা ইয়ুথ কয়্যার’ ও তির্যক যশোরের যৌথ উদ্যোগে ছিল এ অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে ভারত থেকে আসা ২৩ শিল্পীকে যশোরের ২৩ বিশিষ্ট নাগরিক সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। সাংস্কৃতিক পর্বের শুরুতে যশোরের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দুটি গান ও স্বাধীনতাসংগ্রামের ওপর একটি গীতিনৃত্য পরিবেশন করেন। এরপর ক্যালকাটা দূরদর্শনের রবীন্দ্রসংগীতশিল্পী সচিন্দা ঘোষ গান করেন। এরপর আবৃত্তি করেন রবীন মজুমদার। ঠিক নয়টা পাঁচ মিনিটে ‘ক্যালকাটা ইয়ুথ কয়্যার’-এর ঘোষক তাপস চন্দ্র চক্রবর্তী মঞ্চে আসেন। শিল্পীরা বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গান দিয়ে তাঁদের সমবেত পরিবেশনা শুরু করেন।
বগুড়ায় ‘পথহারা পাখি’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম প্রয়াণ দিবসে বগুড়ায় পরিবেশিত হলো নৃত্যালেখ্য ‘পথহারা পাখি’। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শহরের এডওয়ার্ড পার্কসংলগ্ন পৌর উচ্চবিদ্যালয় চত্বরে এই নৃত্যালেখ্যর আয়োজন করে বগুড়ার ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’। আবদুস সামাদের গ্রন্থনা ও পরিচালনায় ‘পথহারা পাখি’ নৃত্যালেখ্যে অংশ নেন আমরা কজন শিল্পীগোষ্ঠীর নৃত্যশিল্পীরা। নৃত্যালেখ্যর ফাঁকে ফাঁকে কাজী নজরুলের কয়েকটি কবিতা আবৃত্তি করা হয়। নৃত্যালেখ্যর আগে নজরুল দর্শন ও কবিতা, গান, ছোট গল্প ও উপন্যাসের মতো সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা হয়।