দেড় বছর পর 'গন্ডার'

প্রাচ্যনাটের নাটক গন্ডার দেড় বছর পর আজ আবার আসছে মঞ্চে। এই নাটকেই লম্বা সময় পর একসঙ্গে মঞ্চে উঠবেন অভিনেতা আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় শুরু হবে এর মঞ্চায়ন।
ফরাসি নাট্যকার ইউজিন ইওনেস্ক রচিত রাইনসরাস-এর মূল গল্প থেকে নাটকটি অনুবাদ করেছেন জহিরুল হক। এর নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম। নির্দেশক জানান, আজ হবে গন্ডার-এর ২৯তম প্রদর্শনী। তিনি বলেন, ‘আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদ প্রাচ্যনাটের প্রায় সব প্রযোজনাতেই আছেন। তবে সর্বশেষ ট্র্যাজেডি পলাশবাড়ীতে তাঁরা কেউই ছিলেন না। তাই ট্র্যাজেডি পলাশবাড়ীর পর গন্ডার-এর এবারের মঞ্চায়ন আমাদের জন্য বিশেষ কিছু।’

গন্ডার নিয়ে কথা হলো অভিনেতা আজাদ আবুল কালামের সঙ্গে। তিনি বললেন, ‘আমি নিয়মিত গন্ডার নাটকে অংশ নিইনি। মাঝেমধ্যে একটি চরিত্রে কাজ করি। এবার প্রায় দুই বছর পর কাজ করছি গন্ডার-এ।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরুল ইসলাম, ঋতু সাত্তার, সাইফুল ইসলাম জার্নাল, কাজী রাজেশ, বিলকিস জাহান, মো. রফিক, আল আমিন খন্দকার প্রমুখ। গন্ডার-এর মঞ্চ এবং আলোক পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। পোশাক পরিকল্পনা করেছেন তৌফিকুল ইসলাম এবং সংগীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ।