দ্য আলতাব আলী স্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য আলতাব আলী স্টোরি নাটকের দৃশ্য
দ্য আলতাব আলী স্টোরি নাটকের দৃশ্য

৭০-এর দশেক পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশিদের সমাগম ধীর ধীরে বাড়ছিল। সেই সঙ্গে বাড়তে থাকল বাদামি চামড়ার বাঙালি অভিবাসীদের ওপর শ্বেতাঙ্গদের বর্ণবাদী আচরণ। বর্ণবাদীদের ভয়ে তটস্থ বাঙালিরা শ্বেতাঙ্গদের সাক্ষাৎ এড়াতে বিকল্প পথে চলতেন। তবুও রেহাই পেতেন না। ১৯৭৮ সালের ৪ মে বর্ণবাদীদের হাতে খুন হন কারখানা শ্রমিক বাংলাদেশি বংশোদ্ভূত আলতাব আলী। নিমেষেই শেষ হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বামীকে হারানো আলতাব আলীর মায়ের সব স্বপ্ন। বাস্তবের এই গল্পই উঠে এসেছে দ্য আলতাব আলী স্টোরিতে।
গত শনিবার ৩০ মিনিটের এই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে। মাত্র ২৫ বছর বয়সী আলতাব আলীর মৃত্যুর সংবাদ বাংলাদেশে তাঁর মায়ের কাছে পৌঁছায়। আলতাব আলীর মায়ের মর্মস্পর্শী শোকগাঁথা প্রাধান্য পেয়েছে এই নাটকে।
নাটকটির রচয়িতা জুলি বেগম বলেন, ‘আলতাব আলীর মৃত্যু এবং এর প্রতিবাদ নিয়ে কমবেশি সবাই জানেন। কিন্তু আলতাব আলীর মৃত্যুর পর তাঁর মা এবং পরিবারের শোকগাঁথার খুব একটা বলা হয়নি। যে কারণে নাটকে ওই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।’
নাটকটি পরিচালনা করেছেন মুকুল আহমদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইদা তানিয়া, তন্বি খান, দেলওয়ার হোসেন ও পারগ হাসান।
গত রোববার এই নাটকের মঞ্চায়ন দিয়েই লন্ডনে শুরু হয় মাসব্যাপী বাংলা মঞ্চ নাটকের উত্সব ‘এ সিজন অব বাংলা ড্রামা’। মোট ২৫টি ইভেন্টে সাজানো এই উত্সব চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় ১৩ বছর ধরে এ উত্সব পালিত হয়ে আসছে।