নতুন নাটক নিয়ে প্রাচ্যনাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্র্যাজেডি পলাশবাড়ির দৃশ্য
ট্র্যাজেডি পলাশবাড়ির দৃশ্য

দিনটি শুরু হয়েছিল আর দশটি দিনের মতোই—২০০৫ সালের ১১ এপ্রিল। কিন্তু দিনের সূর্য অস্ত যাওয়ার পরই ঘটল বিরাট দুর্ঘটনা। সাভারের পলাশবাড়িতে ধসে পড়ল একটি সোয়েটার কারখানা। কারখানার রাতের শিফটে সে সময় কাজ করছিলেন শতাধিক কর্মী। তাঁদের মধ্যে মারা গেলেন ৬৪ জন। যাঁরা বেঁচে থাকলেন, সেই দুঃসহ ঘটনার স্মৃতি তাঁদের কি তাড়া করে ফেরে?
গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাট্যদল প্রাচ্যনাটের নতুন প্রযোজনা ট্র্যাজেডি পলাশবাড়ির উদ্বোধনী মঞ্চায়ন দেখার পর দর্শকদের আবার নতুন করে মনে হয়েছে হ্যাঁ, ফেরে। নাটকটি উদ্বোধন করেন পলাশবাড়ি, তাজরীন ফ্যাশন ও রানা প্লাজার ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা। এটি প্রাচ্যনাটের ৩০তম প্রযোজনা। আজাদ আবুল কালামের রচনা ও নির্দেশনায় এই নাটকে দেখা যায় তারাভান নামের এক চরিত্র। কেবলই সে ফিরে যায় স্মৃতির ভেতরে; স্বপ্ন ও জীবনের বাস্তবতায়। আর এই মেয়েটির গল্প দেখতে দেখতে দর্শকও নাটকটির মাঝে দেখতে পান বেদনাবিধুর এক কাহিনি। ট্র্যাজেডি পলাশবাড়িতে শেষ অবধি কেবল পলাশবাড়ির ট্র্যাজেডি নয়, রানা প্লাজার ধসসহ আরও অনেক দুর্ঘটনাই মিলেমিশে গেছে।