
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গতকালের সাজটা ছিল একটু অন্য রকম। রংবেরঙের বেলুন ঝুলছে, দেয়ালে সাঁটা হয়েছে পোস্টার। তাতে আঁকা মুখোশসমেত মানুষের মুখ। দেখেই বোঝা যায়, মুখে নয়, শরীরী ভাষায় কথা বলেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উদ্বোধন হলো তিন দিনব্যাপী ‘প্রথম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব’।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ মিলে এই দলটি গড়েছে। বিশ্ববিদ্যালয় তো বটেই, দেশেরও বিভিন্ন স্থানে তাঁরা মূকাভিনয় পরিবেশন করেছেন। এ উৎসব শুধু মূকাভিনয় প্রদর্শনই নয়, এর মাধ্যমে নানা দেশের তরুণদের মধ্যে যোগাযোগ স্থাপিত হচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ।
উদ্বোধক নেপালের কূটনীতিক দিল্লি প্রাসাদ আচার্য বলেন, ‘না বলা কথাগুলো না বলেই বলে দেওয়া একটা অনন্য ব্যাপার। এই শিল্পমাধ্যমটি দিন দিন মানুষের মাঝে প্রসার পাচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ মাইম ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মীর লোকমান। সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তপন ডি রোজারিও। উৎসবে বাংলাদেশসহ জাপান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মূকাভিনয়শিল্পীরা অংশ নিচ্ছেন।