নাটক ও কথামালায় স্মরণ করা হবে নাট্যাচার্যকে

আজ শুরু হচ্ছে ‘সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৭’। তাঁর সৃষ্টিকে নতুন করে উন্মোচনের চেষ্টায় চার দিনের আয়োজন করেছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার।
সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে জানানো হবে শ্রদ্ধা। এদিন বেলা তিনটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে থাকবে সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করবেন নাসির উদ্দীন ইউসুফ। কাল রোববার সন্ধ্যা ছয়টায় উদ্বোধন করা হবে বাংলা একাডেমির অনুষ্ঠান। একই দিন শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় বগুড়া থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক বাসন। সোমবার একই সময়ে ও মিলনায়তনে ভোলা থিয়েটারের গ্রন্থিকগণ কহে, মঙ্গলবার ফরিদপুরের নাট্যদল সঙ থিয়েটার পরিবেশন করবে শকুন্তলা। আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
২০০৮ সালের এই দিনে শেষনিশ্বাস ত্যাগ করেন সেলিম আল দীন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জন্ডিস ও বিবিধ বেলুন, কিত্তনখোলা, কেরামত মঙ্গল, প্রাচ্য, হাতহদাই, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, বনপাংশুল, নিমজ্জন, ধাবমান, স্বর্ণবোয়াল, পুত্র প্রভৃতি।