নাটক যাচ্ছে দর্শকের কাছে
নাটকের প্রতিষ্ঠান ‘স্পর্ধা: ইনডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’ তাদের পেজ থেকে একটি ফেসবুক পোস্ট দিয়েছিল ‘থিয়েটার হোক ড্রয়িংরুমে, আসুন থিয়েটার দেখি’ শিরোনামে। সেই পোস্টের মোদ্দাকথা দাঁড়ায়, যানজটের এই শহরে অফিসে শেষে বাসায় এসে আবার নাটক দেখতে যাওয়া একটা বিড়ম্বনা বটে! তাই তারা উদ্যোগ নিয়েছে দর্শকের কাছেই ছোট পরিসরে নাটককে নিয়ে যাওয়ার। নাটক প্রদর্শিত হতে পারে বসার ঘরে কিংবা বাসার ছাদে। এ উদ্যোগেরই ফসল হিসেবে তাদের প্রযোজিত নাটকের প্রথম প্রদর্শনী হয়ে গেল গতকাল গুলশানের একটি বাড়িতে।
ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের ‘এভরি ব্রিলিয়ান্ট থিং’ নাটকটি নিয়ে এসেছে স্পর্ধা। বাংলায় এর নামকরণ করা হয়েছে ‘বিস্ময়কর সবকিছু’। অনুবাদ, পরিকল্পনা ও নির্দেশনায় সৈয়দ জামিল আহমেদ। আর নাটকটিতে একক অভিনয় করেছেন মহসিনা আক্তার। নাটকের গল্পে উঠে এসেছে এক বিষণ্ন মায়ের একমাত্র সন্তানের জীবনকাহিনি।
নাটকের প্রযোজনা অধিকর্তা সোহেল রানা জানান, আজ ও ১২, ১৩, ১৯, ২০, ২৬ ও ২৭ নভেম্বর নাটকটির আরও সাতটি প্রদর্শনী গুলশান, বারিধারা ও উত্তরায় উপস্থাপিত হবে।