প্রাঙ্গণেমোর ছাড়লেন ২৭ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাঙ্গণেমোরের নাটক ‘আওরঙ্গজেব’ এর দৃশ্য
সংগৃহীত

নাটকের দল প্রাঙ্গণেমোর ছেড়েছেন ২৭ জন সদস্য। তাঁদের দাবি, দলে দীর্ঘদিনের অনিয়ম ও ভাবনাগত অমিলের কারণে দল ছেড়েছেন তাঁরা। অন্যদিকে দলের অন্যতম কর্ণধার নূনা আফরোজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এটি নিষ্ক্রিয় সদস্যদের নিয়ে একটি ষড়যন্ত্র।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দিয়ে এই সদস্যরা পদত্যাগ করেন। বিজ্ঞপ্তির সঙ্গে ছিল পদত্যাগকারী সদস্যদের স্বাক্ষর করা একটি পদত্যাগপত্র। ওই বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী সদস্য মাইনুল তাওহীদ বলেন, ‘দীর্ঘদিনের ক্রমাগত অনিয়ম আর ভাবনাগত অমিলের কারণে শেষ পর্যন্ত আর এই দলে থাকা সম্ভব হলো না। আমি দলের অর্থের দায়িত্বে থাকলেও আমাকে পাশ কাটিয়ে অর্থের সব হিসাব দলপ্রধান অনন্ত হিরা নিজে কুক্ষিগত করে রেখেছিলেন।’

আরেক পদত্যাগকারী সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘দলটি আসলে পারিবারিক থিয়েটার হয়ে উঠেছিল, এখানে সাধারণ সদস্যদের কোনো সম্মান ও মূল্য ছিল না, তাঁদের মতামতের কোনো গুরুত্ব ছিল না।’
পদত্যাগকারী আরেক সদস্য সরোয়ার সৈকত বলেন, ‘একসঙ্গে ২৭ জন সদস্যের দলত্যাগই প্রমাণ করে দলটির অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। এটা আসলে সাধারণ সদস্যদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তাই যাঁদের মেধা, শ্রম আর ঘামে একদিন যে প্রাণের দল তৈরি হয়েছিল, আজ সেই প্রিয় দল থেকেই তাঁরা বেরিয়ে গেলেন!’

নূনা আফরোজ।
প্রথম আলো

দলত্যাগের বিষয়ে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন দলের অন্যতম কর্ণধার নূনা আফরোজ। তিনি জানিয়েছেন, প্রাঙ্গণেমোর থেকে যে ২৭ জন সদস্য পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে, তাঁদের মধ্যে শুধু একজন পুরোপুরি সক্রিয় সদস্য। বাকিরা কেউ কেউ অনিয়মিত, কেউ কেউ শুধু প্রদর্শনীতে অংশগ্রহণ করে মাত্র, দলের কোনো কাজে অংশগ্রহণ করেন না। কেউ কেউ নিষ্ক্রিয় ও দলের নিয়মানুবর্তিতা অমান্য করার কারণে কেউ কেউ বিভিন্ন সময় দলের সক্রিয় সদস্যের তালিকা থেকে বাদ পড়েছেন।
তিনি লিখেছেন, ‘প্রাঙ্গণেমোর শৃঙ্খলার ক্ষেত্রে অত্যন্ত কঠোর একটি দল। প্রতিবছর ডিসেম্বর মাসে পর্যালোচনা সাপেক্ষে অনিয়মিত ও নিষ্ক্রিয় সদস্যদের বাদ দিয়ে সদস্য তালিকা হালনাগাদ করা হয়। যাঁরা দলে অনিয়মিত ছিলেন, তাঁরা জানতেন প্রাঙ্গণেমোর তাঁদের এই ডিসেম্বরেই দল থেকে বাদ দেবে।’

‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকে সহশিল্পীর সঙ্গে নূনা আফরোজ।
সংগৃহীত

অর্থনৈতিক অস্বচ্ছতার বিষয়টি খোলাসা করে তিনি জানিয়েছেন, ১৫ বছর যাবৎ দলের আর্থিক বিষয়টি দেখভাল করেছেন যিনি, সম্প্রতি তাঁর কাজ নিয়ে সন্দেহ হয়। তাই দল থেকে তাঁর ওপর নজরদারি করা হয়, যা ভালো লাগেনি দায়িত্বে থাকা ব্যক্তির। তিনি আরও জানান, মূলত প্রাঙ্গণেমোর ও শব্দ নাট্যচর্চা কেন্দ্রের যৌথ প্রযোজনায় ‘মেজর’ নাটকের একটি চরিত্রে অভিনয় নিয়ে দ্বন্দ্ব এই ঘটনার অন্যতম কারণ।
তবে নূনা আফরোজ শুভকামনা জানিয়েছেন পদত্যাগকারী সদস্যদের। তিনি লিখেছেন, ‘তাঁরা অবুঝ, অকৃতজ্ঞ। তাই এমন কাজ করতে পেরেছেন। তবু শুভকামনা রইল। হাতে গড়া ছেলেমেয়ে, দাঁড়াতেও পারতেন না। হাতে ধরে দাঁড়ানো শিখিয়েছি। তাঁরা যেন সৃজনে থাকতে পারেন, এই কামনা করি।’

প্রাঙ্গণেমোরের নাটক মহড়ার একটি মুহূর্ত।
সংগৃহীত

পদত্যাগকারী সদস্যরা হলেন মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সরোয়ার সৈকত, ইউসুফ পলাশ, তৌফিক আজীম রবিন, রবি খান, মীর সালাউদ্দিন বাবু, আবু হায়াত মাহমুদ জসিম, সাইম সিদ্দিকী অপু, রিগ্যান সোহাগ রত্ন, শুভেচ্ছা রহমান, প্রবণ বন্ধু নাথ তুহিন, সীমান্ত আমীন, আমিরুল মামুন, অনিন্দ্র কিশোর, ডালিম মিলাদ, তৌহিদ বিপ্লব, সাইদুর রহমান নয়ন, আহমেদ সুজন, লিটু রায়, রুহুল আমীন রাজা, মো. রাকিব হাসান খান রওনক, মাহমুদুল হাসান, আবদুল হাই, এম এম আর মিঠুন, ঊর্মিল মজুমদার।

ঢাকার নাট্যাঙ্গনে দল থেকে নাট্যকর্মীদের পদত্যাগ কিংবা দল ভেঙে যাওয়া নতুন কোনো খবর নয়। গত বছর জুলাই মাসের দিকে থিয়েটার আর্ট ইউনিট থেকে ২৭ জন সদস্য বেরিয়ে নতুন দল তৈরি করেন অনুস্বর নামে।

আরও পড়ুন