
১৯৭৬ সালে সৈয়দ শামসুল হকের প্রথম নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ করার আগে কাব্যনাট্য সম্পর্কে আমাদের ধারণা ছিল, এটা কেবলই কবিতা, নাটকের আবেদন নেই। মহড়ার সময় আমাদের কেবলই আবৃত্তির মতো হয়ে যেত। নির্দেশক আবদুল্লাহ আল মামুন শেখালেন কী করে সংলাপের মতো করে কাব্যভাষা বলতে হবে। কোথাও কোথাও সংলাপের সাথে তালবাদ্য যুক্ত করলেন। পায়ের আওয়াজ পাওয়া যায় হয়ে উঠল আমাদের মুক্তিযুদ্ধের এক অনন্য আখ্যান। এই নাটকে কেবল রাজনৈতিক মুক্তির কথা বলা হয়নি, কুসংস্কার থেকে মুক্তি, ধর্মান্ধতা থেকে মুক্তির বাণীও উচ্চারিত হয়েছে। সৈয়দ হক প্রমাণ করলেন কাব্যনাট্য যদি কুশলী হাতে লেখা হয় এবং সুপ্রযোজিত হয়, তবে দর্শকের হৃদয়ে দোলা দিতে পারে। এরপর এল নূরলদীনের সারা জীবন। রংপুরের কৃষক বিদ্রোহের এক স্বল্পজ্ঞাত নেতাকে নিয়ে সৈয়দ হকের বলিষ্ঠ নাটক। নাগরিক জীবন নিয়ে এখানে এখন। রচনা করলেন মুক্তিযুদ্ধের ডকু-ড্রামা যুদ্ধ এবং যুদ্ধ। শেকস্পিয়ারের জুলিয়াস সিজারকে ভিত্তি করে বঙ্গবন্ধুর বিয়োগান্ত জীবনের ঘটনা নিয়ে গণনায়ক। তিন চরিত্রের টানাপোড়েনের কাব্যনাট্য ঈর্ষা। শেকস্পিয়ারের দুটি অনুবাদ সৈয়দ হককে চিরস্মরণীয় করে রাখবে। ম্যাকবেথ ও টেমপেস্ট। চিরায়ত সাহিত্যের চিরায়ত অনুবাদ। সংলাপে তৎসম শব্দ ব্যবহার করেছেন প্রচুর, কিন্তু উচ্চারণে আমাদের কোনো অসুবিধা হয়নি। রোগশয্যায় অনুবাদ করেছেন হ্যামলেট। যেটি শিগগিরই মঞ্চে আসবে। সাম্প্রতিককালে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে বাংলার মাটি বাংলার জল। নাটক অভিনীত হয় সমকালে সমসাময়িক দর্শকের সামনে। বেঁচে থাকে সেসব নাটক, যা কালকে পেরিয়ে চিরকালীন জীবনের কথা বলে, যার সাহিত্যমূল্য অপরিসীম। সৈয়দ হকের অনেক নাটকই চিরায়ত সাহিত্যের মূল্য পাবে, তাঁর মানবিক আবেদনের জন্যে, ভাষার প্রসাদগুণে। সৈয়দ হক আমাদের নাট্যসাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর কবিতা যেমন কণ্ঠ থেকে কণ্ঠে উচ্চারিত হবে, নাটকও অভিনীত হবে মঞ্চ থেকে মঞ্চে—আরও অনেক অনেক কাল।