নাটমণ্ডলে আজ ও কাল 'রঙ্গশ্রী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রঙ্গশ্রী’র জন্য প্রস্তুতি
‘রঙ্গশ্রী’র জন্য প্রস্তুতি

ভরতনাট্যম! শুনতে একটু খটমট লাগে? আদতে চোখজুড়ানো নৃত্যশৈলী। শাস্ত্রীয় নৃত্যের সবচেয়ে বর্ণিল আর রসে ভরা আঙ্গিক। নৃত্যশিক্ষা ও চর্চা কেমন এগোচ্ছে, সেটা ঝালিয়ে নিতে দুই দিনের ভরতনাট্যম উৎসব ‘রঙ্গশ্রী’র আয়োজন করেছে নৃত্য সংস্থা কল্পতরু। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে রয়েছে এর প্রথম দিনের পরিবেশনা।

এ উৎসবে নৃত্য পরিবেশন করবেন ভরতনাট্যমের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রথম দিন থাকবে শিল্পী অমিত চৌধুরীর একক পরিবেশনা। সঙ্গে ছোট্ট একটি অংশে দেখা যাবে অর্থী আহমেদকে। পরদিন কল্পতরুর শিক্ষার্থী শিল্পীরা করবেন যৌথ পরিবেশনা। কী দেখা যাবে এ দুই দিন? ভরতনাট্যমের এসব পরিবেশনাকে বলা হয় আলারিপু, নারাসিমহা কৌতুভাম, দেভারনামা, শিববাদন ও তিল্লানা। নেপথ্যে বাদ্য, অভিজাত সাজে শিল্পী উপস্থাপন করবেন পুরাণের কাহিনি।

এ উৎসব প্রসঙ্গে কোরিওগ্রাফার ও শিল্পী অমিত চৌধুরী বলেন, ‘উপস্থাপন হচ্ছে চর্চার গুরুত্বপূর্ণ অংশ। মঞ্চে দর্শকের সামনে ঠিকঠাক নাচ করতে পারলে শিল্পীর চর্চা পূর্ণতা পায়। ভারতের খাজুরাহো ও বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর পরিবেশনের তেমন সুযোগ পাচ্ছিলাম না। এ উৎসবের মধ্য দিয়ে সেটা হচ্ছে। সবচেয়ে রোমাঞ্চিত অনুভব করছি এটা ভেবে যে উপমহাদেশের স্বনামধন্য নৃত্য সমালোচক সুনীল কুঠারি ও লীলা ভেঙ্কাটারমন আমাদের এ পরিবেশনা দেখবেন।’

উৎসবের দ্বিতীয় দিনে একই সময়ে একই মঞ্চে থাকবে কল্পতরুর ‘ঐকতান’। পরিবেশন করবেন একঝাঁক তরুণ নৃত্যশিল্পী।