নাট্যদলের কার্যালয়ে আগুন, কাল বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম সদস্য এবং ময়মনসিংহ শহরের অন্যতম প্রাচীন সংগঠন বহুরূপী নাট্য সংস্থা কার্যালয়ের গ্রিল কেটে গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর বেলা ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা পরিকল্পিতভাবে আগুন দিয়ে সংগঠনের মূল্যবান জিনিসপত্র, তথ্যাদি, নাটকের পাণ্ডুলিপি, অডিও, ভিডিও ডকুমেন্টসহ সকল আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে সংস্থার ঘর থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয় যুবকেরা খবর দিলে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায়। ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন বহুরূপীর প্রধান সংগঠক শাহাদাত হোসেন খান। পরে শহরের বিশিষ্টজনেরা ও পুলিশের একাধিক টিম আসে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আখতারুজ্জামান জানান, এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ফেডারেশন আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সকল সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাট্য ও সংস্কৃতিজনরা বক্তব্য দেবেন।

বহুরূপীর প্রধান সংগঠক শাহাদাত হোসেন জানান, ১৯৭৫ সাল থেকে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। এ নিয়ে তিনবার সংগঠনের কার্যালয়ে হামলা ও চুরির ঘটনা ঘটল। এর আগে গত বুধবার বিকেলে ঘটনায় দায়ীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনের কার্যালয়ের সামনে শহরের টাউন হল মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।