নারী দিবসে স্বপ্নদলের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হেলেন কেলার’ নাটকের দৃশ্য
‘হেলেন কেলার’ নাটকের দৃশ্য

‘নারী দিবস সম্মাননা’ দিচ্ছে নাটকের দল স্বপ্নদল। আজ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ উপলক্ষে থাকবে নাটকেরও প্রদর্শনী।

সন্ধ্যা সাতটায় নাটক প্রদর্শনীর আগে দেওয়া হবে ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা-২০১৭’। এবার সম্মাননা পাচ্ছেন আইরিন পারভীন লোপা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান, লাকী ইনাম, আকতারুজ্জামান প্রমুখ। স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন বলেন, বিশ্বের সব নারীকে আন্তরিক সম্মান জানাতে ২০১২ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করছেন তাঁরা। দিবসটিতে এ পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম ও নূনা আফরোজকে। এ ছাড়া দলের নারী নাট্যকর্মী ও নিয়মিত নাট্যকর্মীদের মায়েদেরও সম্মাননা দিয়েছেন তাঁরা।

সম্মাননা প্রদান শেষে স্বপ্নদলের প্রযোজনা ‘হেলেন কেলার’ মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার, নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন এবং অভিনয় করছেন জুয়েনা শবনম।