নারী দিবসে স্বপ্নদলের 'চিত্রাঙ্গদা' প্রদর্শনী এবং নারী-নাট্যকর্মী সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নদলের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র একটি মুহূর্ত ছবি সংগৃহীত
স্বপ্নদলের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র একটি মুহূর্ত ছবি সংগৃহীত

রবীন্দ্রনাথ প্রায় ১২৪ বছর আগে ১৮৯২ সালে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ লেখা কাব্যনাট্য চিত্রাঙ্গদায় নারীকে যেভাবে নিজ অধিকারের সচেতনতাসহ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন, তার তুলনা সমগ্র বিশ্বসাহিত্যে বিরল। পাশাপাশি এতে নারী-পুরুষের সমানাবস্থান এবং এ ক্ষেত্রে পুরুষের প্রচলিত-দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার প্রসঙ্গও যেভাবে এসেছে তা-ও দুর্লভ! কাব্যনাটক চিত্রাঙ্গদা রচনার প্রায় চুয়াল্লিশ বছর পর ১৯৩৬-এ পঁচাত্তর বছর বয়সে রবীন্দ্রনাথ রচনা করেন নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।

নাটকের সংগঠন স্বপ্নদল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যনাট্যটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মঞ্চে পরিবেশন করে আসছে। আজ মঙ্গলবারের প্রদর্শনীটি ব্যতিক্রম। ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৬' উদ্‌যাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে জাহিদ রিপন নির্দেশিত কাব্যনাট্য চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন হয়। এ ছাড়া প্রদর্শনীর আগে নারী দিবস বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা এবং দলের নিয়মিত নারী-নাট্যকর্মীদের আনুষ্ঠানিক সম্মাননা জানায় স্বপ্নদল।
চিত্রাঙ্গদার নাট্যকাহিনিতে উপস্থাপিত হয় মহাবীর অর্জুন সত্যপালনের জন্য এক যুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবার চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অজুর্নকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? অতঃপর চিত্রাঙ্গদার আত্মদ্বন্দ্ব আর নানা ঘটনার মধ্য দিয়ে এ সত্য উপলব্ধি করা যায় যে, বাইরের অবয়বের চেয়ে নারী-পুরুষের চারিত্রশক্তি অনেক বেশি মূল্যবান এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়।