নিউইয়র্কে ইবসেন অবলম্বনে নাটক 'আর এক নেপোলীয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর এক নেপোলীয়ন নাটকের দৃশ্য
আর এক নেপোলীয়ন নাটকের দৃশ্য

ইবসেনের শেষ জীবনের নাটক ‘জন গ্যাব্রিয়েলবোর্কম্যান’ একদিকে পুঁজিবাদের অসুস্থ দিক, অন্যদিকে এই পুঁজিবাদী ব্যবস্থায় মানুষে মানুষে সম্পর্ক কিভাবে বিপর্যস্ত হয় তার এক নির্দয় ভাষ্য। উনিশ শতকের শেষ দশকে লেখা এই নাটক এখনো কেবল প্রাসঙ্গিকই নয়, তাকে অনায়াসে একুশ শতকের ক্ষয়িষ্ণু উত্তর-পুঁজিবাদী ব্যবস্থার শব ব্যবচ্ছেদ হিসেবেও দেখা যায়।
নিউইয়র্কে গত ২ অক্টোবর নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের প্রযোজনায় এই নাটকের বাংলা রূপান্তর ‘আর এক নেপোলিয়ন’ মঞ্চস্থ হল। খায়রুল আলম সবুজের অনুবাদের ভিত্তিতে এর অভিনয় উপযোগী রূপান্তর করেছেন বিশিষ্ট নাট্যাভিনেতা জামালউদ্দিন হোসেন। এই নাটকের নির্দেশনা ও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি।
হলভর্তি দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ এই নাটকে অন্যান্য যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন রওশন আরা হোসেন, হোসনে আরা বেবী, সেমন্তী ওয়াহেদ, ফারুক আযম, শরীফ হোসেন ও জারিন মাইশা।
প্রবাসী বাঙালিদের মধ্যে পরিশীলিত সাংস্কৃতিক অভিজ্ঞতা জাগিয়ে রাখতে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাটকের শুরুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন অনসাম্বলকে তার এই ভূমিকার জন্য অভিনন্দন জানান।