নিউইয়র্কে সিলেটের আঞ্চলিক ভাষায় 'হাসন রাজা' নাটক

নিউইয়র্কের কুইন্স থিয়েটারে মঞ্চস্থ হলো সিলেটের মরমি গীতিকার ও সাধক দেওয়ান হাসন রাজার জীবনভিত্তিক নাটক হাসন রাজা। সম্পূর্ণ সিলেটের আঞ্চলিক ভাষায় মুশতাক আহমেদ রচিত এই নাটকের কেন্দ্রে রয়েছে হাসন রাজার জীবনের মোড় ফেরানো একটি ঘটনা, যার প্রভাবে বিলাসব্যসন ত্যাগ করে একসময়ের প্রবল প্রতাপশালী এই জমিদার আধ্যাত্মিক সাধনার এক নিভৃতচারী জীবনে চলে আসেন।
বাংলাদেশের লোক-ঐতিহ্যের আলোকে নির্মিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী ও নির্দেশক ইশরাত নিশাত। তিনি নিউইয়র্কের নাট্যামোদীদের আমন্ত্রণে ঢাকা থেকে এসে প্রায় এক মাস এই শহরের স্থানীয় শিল্পীদের প্রশিক্ষণ দেন। এই শহরে সিলেট থেকে আসা বিপুলসংখ্যক বাঙালির বাস হলেও এটাই ছিল সিলেটের স্থানীয় ভাষায় অভিনীত প্রথম নাটক। যুক্তরাষ্ট্র জালালাবাদ সমিতির অর্থায়নে ও আয়োজনে নাটকটি এই শহরের বনেদি মঞ্চ কুইন্স থিয়েটারে মঞ্চায়িত হয়।
মঞ্চটি ছিল উন্মুক্ত ও নিরাভরণ। সুপরিসর সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কখনো বসে নাটকের প্রধান চরিত্রগুলো তাঁদের সংলাপ পাঠ করেন। ঠিক পেছনেই ছিলেন নাটকের গায়ক ও বাদকেরা। আঞ্চলিক ভাষায় হলেও নাটকটি উপভোগ করতে দর্শকদের সমস্যা হয়নি। হাসন রাজার অনেক সুপরিচিত গানও এতে থাকায় নাটকটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে। এর সঙ্গে পরিকল্পিত কোরিওগ্রাফিতে সংগতিপূর্ণ নৃত্য পুরো উপস্থাপনায় নতুন মাত্রা সংযোজন করে।
নাটক শেষে দর্শকের সঙ্গে আলাপচারিতায় ইশরাত নিশাত বলেন, নিউইয়র্কের আগে লন্ডনে স্থানীয় কলাকুশলীদের অংশগ্রহণে তাঁরই নির্দেশনায় নাটকটি প্রথমবারের মতো মঞ্চস্থ হয়। এই দুই শহরে সফল মঞ্চায়নের পর সিলেট ও ঢাকায় এই নাটকটি নিয়ে যেতে তিনি আগ্রহী। নিউইয়র্কের অপেশাদার নাট্যশিল্পীরা এই নাটকটি মঞ্চায়নে যে অভিনিবেশ ও আগ্রহ দেখিয়েছে, তা তাঁকে বিস্মিত করেছে বলে জানান ইশরাত জাহান।