নিউইয়র্কে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'রাজা রানী' মঞ্চস্থ

১৩ ও ১৪ নভেম্বর নিউইয়র্কের কুইন্সে নাট্য সংস্থা বন্ধনহীন-এর উদ্যোগে মঞ্চস্থ হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের দর্শকনন্দিত নাটক রাজা রানী। বিশিষ্ট নাট্যাভিনেতা জামালউদ্দিন হোসেনের পরিচালনায় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মঞ্চস্থ এই নাটকটি তার নিটোল প্রযোজনা ও প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা অর্জন করে।
রাজা রানী নাটকের কেন্দ্রে রয়েছে দুটি মূল ভাবনা—সামাজিকভাবে নারীর প্রতি পুরুষের অবমাননাকর দৃষ্টিভঙ্গি এবং মানবমনের অবদমিত বাসনার আকস্মিক প্রকাশ। একটি যাত্রাদলের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আবর্তিত ঘটনায় এই দুই ‘থিম’ প্রবল হাস্যরোলের ভেতর দিয়ে উন্মোচিত হয়। জামালউদ্দিন হোসেন এই নাটকের জন্য প্রায় নিরাভরণ অথচ ব্যবহারিকভাবে কার্যকর একটি মঞ্চ নির্মাণ করেন। মোট ১০ জন অভিনেতা-অভিনেত্রী নিয়ে গঠিত ‘প্রায় ত্রুটিবিহীন একটি দল’ তাঁকে নাটকটি সফলভাবে মঞ্চায়নে সাহায্য করে। হাসির নাটক, ফলে ভয় থাকে কাহিনির অন্তর্গত পরিহাসের জায়গায় ভাঁড়ামো না প্রাধান্য পায়। মুখ্য অভিনেতা-অভিনেত্রীদের দলীয় বোঝাপড়া ও ভারসাম্যপূর্ণ অভিনয়ের কারণেই বন্ধনহীনের এই প্রযোজনায় সেই বিপদটি ঘটেনি।
নিউইয়র্কের বাঙালিদের মধ্যে নাট্যচর্চার আগ্রহ থাকলেও খুব সহসা মঞ্চ-সফল নাটক চোখে পড়ে না। এর প্রধান কারণ, নাটকের প্রস্তুতির জন্য যে পরিমাণ সময় ও আর্থিক স্বাবলম্বন থাকা দরকার, অধিকাংশ ক্ষেত্রেই তা হয়ে ওঠে না। এই নাটকের বেলায়ও সেই সংকট ছিল। পরিচালক জামালউদ্দিন হোসেন জানান, সবাইকে নিয়ে মঞ্চে একবারও তাঁরা কারিগরি মহড়া দিতে পারেননি। তা সত্ত্বেও এমন সর্বাঙ্গ সুন্দর একটি নাটকের মঞ্চায়ন যে অভিজ্ঞ এই নাট্য পরিচালকের অভিভাবকত্বের ফলেই সম্ভব হলো, তাতে কোনো সন্দেহ ছিল না।
নাটক শুরুর আগে ইভান চৌধুরীর পরিকল্পনায় ও উপস্থাপনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ও গান সমন্বয়ে একটি নকশা পরিবেশিত হয়।